২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দর কৃতজ্ঞতা

নতুন প্রজন্মের যে অভিনেতারা তার অভিনয়ের স্টাইল অনুসরণ করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গোবিন্দ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, নতুন প্রজন্মের বলিউডি অভিনেতা রানভির সিং এরমধ্যেই তার ভক্তদের মধ্যে পরিচিত হয়েছেন গোবিন্দর স্টাইলে নাচার কারণে। প্রিয় অভিনেতার নাচের দক্ষতার প্রশংসা করে ইতোমধ্যেই ‘রাম-লীলা’তে নেচেছেন রানভির। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি তার পারফরম্যান্স উৎসর্গ করেন গোবিন্দকে। এবার নতুন সিনেমা ‘কিল দিল’-এ  গোবিন্দর সঙ্গে নাচার সুযোগ পাবেন রানভির।

রানভিরের ভালবাসায় সিক্ত হয়ে গোবিন্দ বলেন, “রাম-লীলা সিনেমায় আমি রানভিরের ‘ইশকিয়াও ধিশকিয়াও’ গানটির নাচ দেখেছি। তিনি খুবই ভালো নেচেছেন। আমার খুব ভালো লাগে যখন আমি দেখি নতুন প্রজন্মের অভিনেতারা আমার নাচ অনুসরণ করছেন। এটা খুবই আনন্দের ব্যাপার যে তারা আমাকে অনুসরণের যোগ্য ভাবেন।”

এদিকে নির্মাতা শাদ আলীর সিনেমা ‘কিল দিল’-এর সেটে নাকি খুবই ভালো সময় কাটাচ্ছেন দুই প্রজন্মের দুই অভিনেতা।

এক সূত্র জানিয়েছে, তাদের মধ্যকার ঘনিষ্ঠতা দেখে শাদ ভাবছেন গোবিন্দর সঙ্গে রানভিরের একটি আলাদা গান রাখা হোক। যেখানে প্রিয় অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যাবে রানভিরকে।

‘কিল দিল’ সিনেমায় মূলত নেতিবাচক চরিত্রে দেখা যাবে গোবিন্দকে।

গোবিন্দ বলেন, “এটি হবে আমার অভিনীত প্রথম পুরোপুরি নেতিবাচক চরিত্র। এর আগে আমি ‘শিকারি’ সিনেমায় নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলাম। সেখানে দেখা গেছে আমার চরিত্রের নেতিবাচক হওয়ার পেছনে ছিল কিছু নির্দিষ্ট কারণ। কিন্তু ‘কিল দিল’ সিনেমায় আমার চরিত্রটি নেতিবাচক কারণ সে এভাবেই থাকতে ভালোবাসে।”

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘কিল দিল’-এ আরও অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। এটি মুক্তি পাবে চলতি বছরের ৫ সেপ্টেম্বর।

এদিকে ‘জাগগা জাসুস’ সিনেমায় রণবীর কাপুরের বাবার ভূমিকায় অভিনয় করছেন গোবিন্দ। আর এজন্য ইতোমধ্যেই অনেকখানি ওজন কমাতে হয়েছে তাকে।