‘হাইওয়ে’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার
ইমতিয়াজ আলি পরিচালিত ‘হাইওয়ে’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হল ৬৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আর এই নিয়ে দারুণ আনন্দিত ইমতিয়াজ।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ১৩ ফেব্রুয়ারি বার্লিনের চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয় ‘হাইওয়ে’র আন্তর্জাতিক প্রিমিয়ার। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণদীপ হুড়া।
ইমতিয়াজ আলি একটি বিবৃতিতে বলেন, “এই প্রথমবার আমার সিনেমা কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল। এর থেকে ভালো কিছু আমি আশাও করতে পারি না। মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে সিনেমাটির প্রথম প্রদর্শনীর ঘোষণা দেবার অনুভূতি ছিল অসাধারণ।”
সিয়েট ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে ২১ ফেব্রুয়ারি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রেহমান। এই সিনেমাতেই একটি গানে যেমন কণ্ঠ দিয়েছেন আলিয়া ভাট, তেমনি একটি গানে আলিয়ার সঙ্গে নেচেছেন এ আর রেহমান।
