‘আমেরিকান হাসল’-এর ঝুলিতে ২০ কোটি ডলার
ডেভিড ও’রাসেল পরিচালিত ‘আমেরিকান হাসল’ সিনেমাটি ৩ মাসেই বিশ্ব বক্স অফিস থেকে তুলে নিয়েছে ২০ কোটি মার্কিন ডলার।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, মেগান এলিসনের প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্ণা পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হল ‘আমেরিকান হাসল’।
হলিউড রিপোর্টাসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রাসেল পরিচালিত সবচেয়ে সাড়া জাগানো সিনেমাও এটি। উত্তর আমেরিকায় সিনেমাটি আয় করেছে ১৩ কোটি ৮৭ লাখ ডলার। আলোচিত সিনেমা ‘সিলভার লাইনিং প্লেবুক’-এর আয়কেও ছাড়িয়ে গেছে ‘আমেরিকান হাসল’। ‘সিলভার লাইনিং প্লেবুক’ আয় করেছিল ১৩ কোটি ২১ লাখ ডলার।
আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় ৬ কোটি ৪ লাখ ডলার। সিনেমাটি এখনও জার্মানি, রাশিয়া এবং কোরিয়ায় প্রদর্শিত হচ্ছে।
ক্রাইম-কমেডি ড্রামা ‘আমেরিকান হাসল’-এর গল্প আবর্তীত হয়েছে সত্তরের দশকের শেষ এবং আশির দশকের শুরুর দিকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ধরতে এফবিআইয়ের অ্যাবস্কাম অপারেশনকে কেন্দ্র করে। সিনেমাটিতে দুই ঠগবাজের ভ‚মিকায় অভিনয় করেছেন ক্রিস্টিয়ান বেইল এবং অ্যামি অ্যাডামস। বেইলের পাগলাটে স্ত্রীর ভূমিকায় ছিলেন জেনিফার লরেন্স এবং এফবিআই এজেন্ট রিচি ডিমাসোর চরিত্রে অনিয় করেছেন ব্র্যাডলি কুপার। এছাড়া বিশেষ একটি চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। আমেরিকায় সিনেমাটি মুক্তি পায় গত ১৩ ডিসেম্বর।
এবারের অস্কারের আসরেও মনোনয়নের দিক থেকে শীর্ষে রয়েছে ‘আমেরিকান হাসল’। ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা পরিচালক’, ‘সেরা অভিনেতা’, ‘সেরা অভিনেত্রী’-এর মতো প্রধান ক্যাটাগরিগুলোসহ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।
সিনেমাটির জন্য ‘পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন জেনিফার লরেন্স। জিততে পারলে সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে টানা দুটি অস্কারজয়ের রেকর্ড গড়বেন তিনি।
