পুলিশের শরণাপন্ন অঞ্জু ঘোষ
‘নাম’ ব্যবহার করে প্রতারণার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের অভিনেত্রী অঞ্জু ঘোষ।
কলকাতাপ্রবাসী এই অভিনয়শিল্পী ইংলিশ বাজার পুলিশ স্টেশনে এ বিষয়ে একটি অভিযোগে দায়ের করেন বুধবার। অভিযোগে অভিনেত্রী উল্লেখ করেন, মালদহ জেলার বাসিন্দা ড. মুখার্জি নামের এক ব্যক্তি সম্মতি ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করে অর্থ আদায় করছেন।
মিস্টার মুখার্জির বিরুদ্ধে হয়রানির অভিযোগও তুলেছেন অঞ্জু ঘোষ।
উত্তর দিনাজপুরের ইটাহারে অনুষ্ঠিত এক যাত্রার অনুষ্ঠান থেকে ফিরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এই অভিনেত্রী।
এমন অভিযোগের সত্যতা স্বীকার করেছেন মালদহ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কল্যাণ মুখার্জি।
তিনি বলেন, “মালদহ শহরের সুকান্ত মোড়ে বসবাসকারী ড. মুখার্জিকে আটকের চেষ্টা করছি আমরা।”
মালদহের পাশের জেলা উত্তর দিনাজপুরে মুখার্জির অনান্য কর্মকাণ্ডের সঙ্গে অভিনেত্রীর অভিযোগের যোগসূত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।
তিনি আরও বলেন, “অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।”
বাংলাদেশে জন্মগ্রহণকারী অঞ্জু ঘোষ স্থায়ীভাবে কলকাতায় বসবাস করছেন ১৯৯৬ সাল থেকে। সেখানে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা ও চলচ্চিত্র উভয় মাধ্যমে কাজ করছেন।
ফরিদপুর জেলায় জন্ম নেওয়া অঞ্জু ঘোষ ১৯৭২ সালে যাত্রায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। চলচ্চিত্রে আসেন ১৯৮২ সালে, এফ কবির চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
