২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা পরিচালনা করবেন লুসি

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উত্তরের সুর’-এর ‘আম্বিয়া’ চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১২’ পেতে যাচ্ছেন লুসি তৃপ্তি গোমেজ। গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারের তিনি বলেন, খুব শীঘ্রই ‘ডাকঘর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করবেন তিনি।

গ্লিটজ: পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন, এ প্রাপ্তি ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে?

লুসি:  যে কোনো পুরস্কারই আনন্দের, গর্বের। উনিশ বছর মঞ্চে অভিনয়ের পর প্রথম কোনো বড় স্বীকৃতি মিলেছে। এ পুরস্কার অবশ্যই ‘বিশেষ কিছু’। তবে এ প্রাপ্তির পর আমার দায়বোধ আরও বেড়ে গেল। অভিনয়ের ক্ষেত্রে এখন আরও সতর্ক হতে হবে। অভিনয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে দর্শকের কাছে আরও সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে হবে। এ আমার জন্য নতুন চ্যালেঞ্জ। ক্যারিয়ার আরও গতিশীল হবে বলে আশা করছি।

গ্লিটজ: আপনার সহকর্মীরা এ পুরস্কারকে কীভাবে মূল্যায়ন করছেন?

লুসি: সহকর্মীরা দারুণ খুশি। তাদের ভাষ্যে-- একজন মঞ্চকর্মী হিসেবে এটি মঞ্চেরই জয়। এ পুরস্কারের মাধ্যমে মঞ্চকে সম্মান জানানো হয়েছে। আর মঞ্চের মাধ্যমেই তো ‘উত্তরের সুর’ সিনেমার পরিচালক শাহনেওয়াজ কাকলীর সঙ্গে পরিচয়। মঞ্চ ও সহকর্মীদের কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকব।

গ্লিটজ:  শোনা যাচ্ছে সরকারি অনুদানে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন আপনি। কতদূর এগিয়েছে কাজ?

লুসি:  রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ডাকঘর’ অবলম্বনে একটি সিনেমা নির্মাণ করব। চল্লিশ মিনিটের সে সিনেমাতে জয়ন্ত চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ অভিনয় করবেন। অন্যান্য চরিত্রে কাস্টিং চূড়ান্ত হয়নি। মার্চে শুরু হবে এ সিনেমার শুটিং।

গ্লিটজ: আপনার অভিনয়জীবনের শুরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী হিসেবে সেলিম আল দীনকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আপনার। তার কোন কোন নাটকে আপনি অভিনয় করেছেন?

লুসি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী হিসেবে ( লুসি এ বিভাগের দশম ব্যাচের ছাত্রী) সেলিম স্যারের সঙ্গে প্রথম কাজ করি তৃতীয় বর্ষে। তার পরিচালনায় ‘কাঁদো নদী কাঁদো’ নাটকে অভিনয় করেছি আমি। এরপর তার লেখা ‘যৈবতী কন্যার মন’-এ পরী চরিত্রে অভিনয় করেছি। মহাভারতের বিভিন্ন পর্ব নিয়ে নির্মিত মঞ্চ নাটকেও অভিনয় করেছি আমি। এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে।  নাটকের মহড়াতে স্যার আমাদের হাতে কলমে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়ে দিতেন। মঞ্চের বাইরেও স্যারের সঙ্গে নাটক নিয়ে অনেকবার কথা হয়েছে। আমি মঞ্চ নাটকে নিয়মিত হয়েছি জেনে তিনি খুব খুশি হয়েছিলেন।

গ্লিটজ:  থিয়েটার সেন্টারের মাধ্যমে মঞ্চ অভিনয় শুরু করেছিলেন। এ দলের হয়ে কটি নাটকে অভিনয় করেছেন ?

লুসি: থিয়েটার সেন্টারে যোগ দিয়েছিলাম ১৯৯৫ সালে। এ দলের হয়ে আমি শহীদুল আলম সাচ্চুর নির্দেশনায় ‘বাসন’, ‘শামুক বাস’, ‘ইদারা’ ও ‘কাহার’ এবং শাহাদাৎ মুকুলের ‘বাকলাস’ নামের পথনাটকে অভিনয় করেছি। ‘কাহার’ নাটকে আমার অভিনীত চরিত্রের নাম ছিল খুশি।

গ্লিটজ:  বর্তমানে নাট্যকেন্দ্রের সদস্য আপনি। এ দলের হয়ে কোন কোন নাটকে অংশ নিয়েছেন ?

লুসি: নাট্যকেন্দ্রের হয়ে পাঁচটি নাটকে অভিনয় করেছি আমি। এগুলো হল ‘দুই যে ছিল এক চাকর’, ‘আরজ চরিতামৃত’, ‘ডালিমকুমার’, ‘মৃত মানুষের ছায়া’ ও ‘বিচ্ছু’। প্রথম নাটক ‘আরজ চরিতামৃত’। তারিক আনাম খানের নির্দেশনায় এ নাটকে আমি লালমুন্নেচ্ছা নামে এক সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছি। ‘দুই যে ছিল এক চাকর’- এ আমি আনারকলি চরিত্রে অভিনয় করেছি। কার্লো সোলডনির প্রেমের গল্প অবলম্বনে নাটকটি বাংলা রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। এরপর ইউসুফ হাসান অর্কের পরিচালনায় ‘ডালিমকুমার’ নাটকে ‘কঙ্কাবতী’ চরিত্রে  অভিনয় করেছি। নাটকগুলোর মধ্যে ‘দুই যে ছিল এক চাকর’ এবং ‘আরজ চরিতামৃত’ নাটকের প্রদর্শনী চলছে এখনও। বিভিন্ন সময়ে মিশর ও ভারতের বিভিন্ন উৎসবে এ নাটকের মঞ্চায়নে অংশ নিয়েছি।

গ্লিটজ : মঞ্চনাটকে নিয়মিত হলেও টিভিনাটকে নিয়মিত দেখা যায়নি কেন?

লুসি : সত্যি বলতে কী, টিভিনাটক আমাকে টানে না। মঞ্চনাটকের পাশাপাশি আইন ও শালিস কেন্দ্রের চাকরি, বিভিন্ন প্রজেক্টের সঙ্গে জড়িয়ে যাওয়াও এর কারণ হতে পারে। আমার প্রথম টিভিনাটক ‘আগামীকালের রূপকথা’ প্রচারিত হয়েছে ১৯৯৫ সালে। এরপর ‘শান্তি’ ও ‘গণিত মাস্টার’ নামে দুটি টিভিনাটকে অভিনয় করেছি। আরও কটি নাটকে অভিনয় করেছি। তবে নাম মনে পড়ছে না।

গ্লিটজ : অভিনয়ের পাশাপাশি বেশকটি টিভি নাটক পরিচালনাও করেছেন আপনি। পরিচালনার হালহকিকত কী?

লুসি: আমি ‘রুহুল আমিনের রকেট মেইল’, ‘মুক্তির যুদ্ধ’, ‘অপলক তোমার দিকে’, ‘তোমাকে ভালোবাসি’ নামে চারটি একঘণ্টার টিভিনাটক নির্মাণ করেছি। এরপর বেশকটি নাটক বানিয়েছি। সেগুলো প্রচারের অপেক্ষায় আছে।

গ্লিটজ : আপনার প্রথম চলচ্চিত্র ‘লাস্ট ঠাকুর’ এবং ‘উত্তরের সুর’ সিনেমাতে আপনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। আপনাকে মূল চরিত্রে কবে দেখবে দর্শক?

লুসি: সেটা সময়ই বলে দেবে।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক