২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খলনায়ক সিদ্ধার্থ

মোহিত সুরির পরিচালনায় ‘দ্য ভিলেইন’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 05:36 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, মোহিত ‘দ্য ভিলেইন’ সিনেমায় সিদ্ধার্থর চরিত্রটিকে সাজিয়েছেন সম্পূর্ণ ভিন্নরূপে। রোমান্স এবং অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ।

কারান জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর চার্মিং সিদ্ধার্থ তার নতুন এই চরিত্র নিয়ে দারুণ উত্তেজনায় আছেন।

সিদ্ধার্থ সংবাদমাধ্যমটিকে বলেন, “মোহিত সুরির সিনেমা বলতে সাধারণত দর্শকরা যা বুঝে থাকেন এটি তা নয়। পুরোপুরি ভিন্নধর্মী কাহিনি নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। একজন ভিলেইন এবং তার প্রেমকাহিনি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আছে অ্যাকশন।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের মধ্যেই একজন অন্ধকার মানুষ বাস করে। আর মোহিত আমার চরিত্রের মধ্যকার সেই দিকই তুলে আনছেন। সিনেমাতে আমার অভিনীত চরিত্রের মধ্যকার খারাপ দিকটি তুলে আনা হলেও আমি এর গল্প খুবই পছন্দ করেছি।”

‘দ্য ভিলেইন’ সিনেমায় সিদ্ধার্থর সঙ্গে জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটিতে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।

এদিকে এ বছরের ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারি সিদ্ধার্থ এবং পরিনীতি চোপড়া অভিনীত ‘হাসি তো ফাসি’ সিনেমাটি মুক্তি পাবে।