গ্রেট গামা আব্রাহাম
পারমিত শেঠির পরিচালনায় ভারতের কিংবদন্তি কুস্তিগির গামা পালোয়ান বা গ্রেট গামার জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় নামচরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।
মুম্বাই মিরর জানায়, অভিনেতা পারমিত শেঠি ‘বদমাস কোম্পানি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এবার তিনি গ্রেট গামার মতো আলোচিত এবং কিংবদন্তি কুস্তিগিরের জীবনী নিয়ে বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন।
জনের প্রযোজনা প্রতিষ্ঠান জেএ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটিতে গ্রেট গামা হিসেবে অভিনয় করবেন জন নিজেই।
পারমিত বায়োপিকটি সম্পর্কে নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
তিনি বলেন, “গামা পালোয়ানের জীবনী নিয়ে সিনেমা আমিই পরিচালনা করব। আর সিনেমাটিতে জন অভিনয় করবেন কুস্তিগিরের চরিত্রে।”
প্রযোজনার জন্য জনকে বেছে নেওয়ার কারণ বলতে গিয়ে পারমিত জন প্রযোজিত ‘ভিকি ডোনার’ এবং ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমা দুটির কথা বলেন।
তিনি বলেন, “জন বরাবরই প্রযোজনার জন্য ভালো সিনেমাকে প্রাধান্য দিয়ে থাকেন। আর এ কারণে আমি গেট গামার বায়োপিকটি তার প্রযোজনায় নির্মাণ করতে চাইছি।”
চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। উত্তর ভারতেই মূলত শুটিং সম্পন্ন হবে।
ভারতের গ্রেট গামা পালোয়ান ভারতের একজন কিংবদন্তি কুস্তিগির ছিলেন। বলা হয়, তার মৃত্যুর আগ পর্যন্ত কেউই তাকে কুস্তিতে হারাতে পারেননি। ১৯৬০ সালের ২১ মে তিনি মৃত্যুবরণ করেন। ১৮৮২ সালে অমৃতসরে তার জন্ম। ১৯১০ সালে ‘ওয়ার্ল্ড হেভিওয়েট’ খেতাব অর্জন করেছিলেন গামা।
গামা বরোদার নাজারবাগ প্যালেসের প্রায় ১২ শ’ কেজি ওজনের একটি পাথর একবারে উত্তোলন করে আলোড়ন সৃষ্টি করেন। পাথরটি বর্তমানে বরোদা জাদুঘরে সংরক্ষিত আছে।
