অসুস্থ ডিক্যাপ্রিও
হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর শুটিংয়ে আঘাত পাওয়ার পর থেকে এখনও ভুগছেন পিঠের ব্যথায়।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সিনেমাটির একটি দৃশ্যে অভিনয়ের সময় পিঠে আঘাত পান ডিক্যাপ্রিও।
কন্টাক্ট মিউজিক জানায়, সিনেমাটির একটি দৃশ্যে পাথুরে সিঁড়িতে পিঠে আঘাত পান ৩৯ বছর বয়সী ওই অভিনেতা। ওই আঘাতের কারণে এখনও ভুগতে হচ্ছে তাকে।
পিঠের ব্যথাটি সবসময় থাকছে। আর সে কারণে ব্যায়ামও করতে পারছেন না ডিক্যাপ্রিও আর তাই কিছুটা ওজনও বেড়ে গেছে তার। শোবার সময় এবং যে কোনো ধরনের নড়াচড়ার সময়ই ব্যথা বেড়ে যাচ্ছে তার। এই ব্যথার কারণে শান্তিতে পার্টিতেও যেতে পারছেন না তিনি।
‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমায় অভিনয় করে ৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ডিক্যাপ্রিও। সিনেমাটি ২০১৩ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পায়। মুক্তির পরই ব্যাপক দর্শকপ্রিয়তা পায় সিনেমাটি।
