২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পথনাট্যোৎসব শুরু

দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের রুখে দাঁড়ানোর প্রত্যয়ে শনিবার শুরু হল জাতীয় পথনাট্যোৎসব। ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ শিরোনামে ২৯তম বারের মতো এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 12:57 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

বিকাল সাড়ে ৫টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

উৎসবে সারাদেশের ৩৫টি নাট্যদল অংশ নিচ্ছে। এবারের স্লোগান ‘সহিংসার বিরুদ্ধে সংস্কৃতি’।

উৎসবের শুরুতে গানে-গানে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা সাংস্কৃতিক দল। তাদের একুশের গানের সঙ্গে তথ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন লেখক সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যাভিনেত্রী লাকি ইনাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিয়াকত আলী লাকি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় পথনাট্যোৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক চন্দন রেজা।

অনুষ্ঠানের শুরুতে উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন লাকী ইনাম। ঘোষণাপত্রে তিনি বলেন, “সংস্কৃতি আপোষহীন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সংস্কৃতি বিকশিত হয়। সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি তার সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াবেই।”

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে মামুনুর রশীদ বলেন, “বাংলা ও বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তি সদা তৎপর। এরাই সারাদেশে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। এ অপশক্তি যেন কোনোভাবেই বাংলার সংস্কৃতিকে স্পর্শ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। অতীতের মতো এবারও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের জোর আন্দোলন শুরু করতে হবে।”

আবৃত্তিকার আহকাম উল্লাহ বলেন, “সংস্কৃতিকর্মীরা কোনোভাবেই রাজপথ ছেড়ে যাবে না। রাজপথ ছাড়লেই স্বাধীনতাবিরোধী অপশক্তিরা ফের মাথাচাড়া দিয়ে উঠবে। পথনাটকের মাধ্যমে নাট্যকর্মীরা জনগণকে জাগিয়ে তুলবে।”

হাসান আরিফ বলেন, “মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সংস্কৃতিকর্মীরা সদা সোচ্চার। বাঙালির সংস্কৃতিকে অটুট রাখতে হলে রাজনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধন অটুট রাখতে হবে।”

মঞ্চশিল্পীদের ‘সক্রিয় সমাজকর্মী’ আখ্যা দিয়ে প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেন, “পথনাটক রাজপথের মানুষের সঙ্গে সরাসরি কথা বলে। তাদের প্রতিনিধিত্ব করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনগণের কথাই উপজীব্য করে তোলে।”

তিনি আরও বলেন, “পথনাটক সমাজের নানা ত্রুটি-বিচ্যুতির কথা বলে। বাংলাদেশের পথনাটক শুরু থেকেই স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং তাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সদা সক্রিয়। পথনাটক মুক্তিযুদ্ধের চেতনায় দিনবদলের ডাক দেয়। স্বাধীনতাকে সমুন্নত রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে নাট্যকর্মীরা।”

এ সময় তিনি নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানান। এ হামলার জন্য ‘বিএনপি-জামায়াত’ জোটকে দায়ী করে তিনি বলেন, “এরা স্বাধীনতাবিরোধী অপশক্তি। এদের বিরুদ্ধে শুধু রাজনৈতিক আন্দোলন যথেষ্ট নয়, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকেও বেগবান করতে হবে।”

উৎসবের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন লিয়াকত আলী লাকি এবং ঝুনা চৌধুরী।

এরপর আমিনুল আশরাফের পরিকল্পনা ও নির্দেশনায় প্রতিবাদী নৃত্য ‘জাগো’ পরিবেশন করে মহাকাল নাট্য সম্প্রদায়। এদিন আরও মঞ্চস্থ হয়েছে নাট্যদল অপেরা’র পথনাটক ‘কৈবল্য’। সঞ্জিবন শিকদারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

সাত দিনব্যাপী পথনাট্যোৎসব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দিন থেকে প্রতিদিন বিকাল ৪টায় উৎসব শুরু হবে।

রোববার পরিবেশিত হবে আমিনুল হক আমিনের রচনা ও নির্দেশনায় মুক্তালয় নাট্যাঙ্গনের ‘ঘুন’, মলয় ভৌমিকের রচনা ও মিজানুর রহমান শিশিরের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ‘চৌরাস্তা’, এ. কে. কবীরের রচনা ও নির্দেশনায় খেয়ালী নাট্যগোষ্ঠীর ‘বাচাঁর লড়াই’, এইচ. আর. অনিকের রচনা ও নির্দেশনায় চন্দ্রকলা থিয়েটারের ‘ভাঙ্গা সংবাদ’, মামুনুর রশীদের রচনা ও শাহ আলম দুলালের নির্দেশনায় আরণ্যক নাট্যদলের ‘আগুনের ডালপালা’ এবং মোহাম্মদ শাহনেওয়াজের রচনা ও নির্দেশনায় মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘সাপের খেলা’ ।

ছবি : ইসরাত জাহান মনি