ছায়ানটের অর্ধশতক
গানের শোভাযাত্রা দিয়ে শুক্রবার বিকালে শুরু হল ছায়ানট সংগীতবিদ্যায়তনের ৫০ বছর পূর্তির দুদিনের অনুষ্ঠান। ছায়ানটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক, সংগঠক ও শুভার্থী।
শোভাযাত্রা শেষে উদ্বোধনী বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ছায়ানট মিলনায়তনে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার সন্ধ্যা সাতটায়।
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’, ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘কল কল ছল ছল নদী করে টলমল’, ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ’, গানগুলো গাইতে গাইতে ধানমন্ডির সাতমসজিদ রোড প্রদক্ষিণ করে শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে ওইদিন সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। সূচনা সংগীতের পর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ছায়ানট সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সনজিদা খাতুন এবং উদীচি সভাপতি কামাল লোহানী।
অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, পাপিয়া সরওয়ার, খায়রুল আনাম শাকিল, শাহিন সামাদ, বেলায়েত হোসেন, লাইসা আহমদ লিসা, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, চন্দনা মজুমদার, মিলিয়া আলী, রেজোয়ান আলী লাবলু, এবাদুল হক সৈকত, গৌতম সরকার, শাম্মী রাব্বানী, ও ছায়ানটের সংগীত দল। শ্রদ্ধাঞ্জলি জানান, সাদিয়া আফরিন মল্লিক ও আহসান মুর্শেদ ।
ছায়ানটের অনুষ্ঠান সমন্বয়ক শাহ মুস্তফা রশীদ আল-হেলাল গ্লিটজকে জানান, ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের পাশাপাশি একটি স্মরণিকা এবং রমনা বটমূলে পরিবেশিত পহেলা বৈশাখের ২০১৩ সালের অনুষ্ঠানের অডিও অ্যালবাম প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। সংগীত পরিবেশনের পাশাপাশি এদিন সংগীতবিদ্যায়তনটির ভূমিকা নিয়ে কথা বলবেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।
