সব কৃতিত্ব সত্যজিৎ রায়ের
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুর, তাদের জীবনের সব সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৮ জানুয়ারি উপমহাদেশের ওই দুই প্রবীণ অভিনয়শিল্পী মন্তব্য করেন যে, সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের গুরু এবং পথপ্রদর্শক সত্যজিৎ রায়।
তারা জানান, তাদের মধ্যে অভিনয় নিয়ে যে চিরাচরিত বদ্ধমূল ধারণাগুলো ছিল সেগুলোকে পাল্টে নতুন এবং ভিন্নধারার অভিনয় করতে শিখিয়েছেন সত্যজিৎ রায়। যুগ যুগ ধরে যে পুরনো ধারণা নিয়ে তারা অন্যদের কাজ করতে দেখেছেন সেগুলোকে ক্যারিয়ারের শুরুতেই তাদের মধ্য থেকে দূর করেছিলেন সত্যজিৎ। আর এ বিষয় তার মৃত্যুর এত বছর পরও উপলব্ধি করছেন তারা।
কলকাতায় চলমান তৃতীয় সাহিত্য মেলায় শর্মিলা বলেন, “প্রতিবার তার সিনেমা দেখার মধ্য দিয়ে নতুন অনেক কিছু আবিষ্কার করি। আর এ থেকে একজন শিল্পী অনেক কিছু শিখতে পারে। শিল্পীর প্রতিভাকে সমৃদ্ধ করতে এর প্রভাব অনেক বেশি।”
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, “তার সিনেমা দেখা মানে হল শিক্ষা লাভ করা।”
সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের হাত ধরেই চলচ্চিত্রজগতে তার যাত্রা শুরু করেছিলেন। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
সৌমিত্র বলেন, “তিনি আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য পড়তেন। আর তার পড়ার মধ্য দিয়েই খুঁটিনাটি বিষয় স্পষ্ট বোঝা যেত। তিনি কখনও অভিনেতা-অভিনেত্রীদের উপর কিছু চাপিয়ে দিতেন না। তিনি স্পষ্টভাবে সব কিছু বুঝিয়ে দিতেন।”
সৌমিত্রের সঙ্গে একমত হয়ে শর্মিলা স্মৃতিচারণ করেন, সত্যজিৎ রায়ের নির্দেশ বুঝতে কখনও তার কষ্ট হত না। সিনেমার সেটের পরিবেশ এতটাই সুন্দর থাকত যে প্রতিটি কাজ করা খুব সহজ হয়ে উঠত।
তাদের ভাষ্যে, একজন শিক্ষক হিসেবে সত্যজিৎ সবসময় মূল কাহিনির উপর আলোকপাত করতেন। পরিচালক হিসেবে শুধু একটি সিনেমা নয় বরং শিল্পীদের মনে প্রতিটি বিষয় এমনভাবে গেঁথে দিতেন যেন তাদের পুরো ক্যারিয়ারে তা মনে থাকে।
শর্মিলা ঠাকুর বলেন, “সত্যজিৎ রায় যদি কিছু চাইতেন তাহলে তা তিনি করিয়ে নিতেন। কখনও কোনো কিছুর ঘাটতি থাকার অবকাশ রাখতেন না। নির্মাতা অনেকেই আছেন কিন্তু সত্যজিৎ রায় ছিলেন একজনই। তিনি স্টাইল ধরে রাখতে গিয়ে কখনও চরিত্রের মূল বিষয় নষ্ট হতে দিতেন না।”
সব মিলিয়ে ওই দুই অভিনয় শিল্পীর মতে তাদের ক্যারিয়ারের কৃতিত্বের পিছনে রয়েছেন সত্যজিৎ রায়।
সৌমিত্র বলেন, “আমি তার খুব কাছে থেকে বড় হয়েছি। তার প্রতিটি কথা আমাকে পরিচালনা করেছে। তার নীতি আমাকে অনুপ্রাণিত করেছে। আমার জীবনের ৯৯ ভাগ সাফল্যের পিছনে ছিলেন সত্যজিৎ রায়। মাত্র এক ভাগ কৃতিত্ব আমার কারণ আমি তার অনুগত শিষ্য ছিলাম।”
বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে স্থান করে নিয়েছিলেন শর্মিলা ঠাকুর। তারপরও তিনি মনে করেন তার সাফল্যের পিছনে ছিলেন সত্যজিৎ রায়।
শর্মিলা বলেন, “আমি কর্মজীবনের শুরুতেই সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে পেরেছি এটা ছিল আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আমার জীবন বদলে দিয়েছিলেন তিনি। আমি তার কাছে কৃতজ্ঞ।”
