ছায়ানটে ‘চিত্রাঙ্গদা’
রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশন করবে ছায়ানট। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে নৃত্যনাট্যটি পরিবেশিত হবে।
‘চিত্রাঙ্গদা’র নৃত্যপরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
তিনি গ্লিটজকে বলেন, “১৯৯০ সাল থেকে আমি চিত্রাঙ্গদা পরিচালনা করছি। লক্ষ করতাম আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট হতে পারছি না। কোথায় যেন একটা পরিবর্তন প্রয়োজন বলে মনে হত। কিন্তু কোথায় তা দরকার, তা ধরতে পারতাম না।”
তিনি বলেন, “এবারের আলো ও মঞ্চ সজ্জায় একটু ভিন্নতা এনেছি। ভিন্নতা রয়েছে পোশাক পরিধানের ক্ষেত্রেও। আমার মনে হয় এসব ভিন্নতা দিয়ে সেই কাক্সিক্ষত পরিবর্তন আনতে পেরেছি।”
শর্মিলা আরও বলেন, “রেকর্ডিংনির্ভর পরিবেশনার বৃত্ত থেকে বেরিয়ে এবার আমরা মঞ্চেই সরাসরি গানের সঙ্গে চিত্রাঙ্গদা পরিবেশন করব।”
কণ্ঠসংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন, অদিতি মহসিন, অর্ণ কমলিকা, লাইসা আহমদ লিসা, সুদেষ্ণা স্বয়ম্প্রভা, বুলবুল ইসলাম, আবুল হাসান তপন, এটিএম জাহাঙ্গীর ও মেহ্রাজ হক তুষার।
‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের মঞ্চায়ন উপলক্ষে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ছায়ানট। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, ছায়ানট সংগীতবিদ্যায়তনের মণিপুরী নৃত্যকলা বিভাগের প্রধান ও নৃত্যপরিচালক শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং ছায়ানট কার্যকরী সংসদের সদস্য ও চিত্রাঙ্গদার কুরূপা চরিত্রে কণ্ঠদানকারী শিল্পী লাইসা আহমদ লিসা।
ছায়ানটের অন্যান্য অনুষ্ঠানের মতোই আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
