নতুন সিনেমায় জন
‘নাইন্টিন ইলেভেন’ নামের নতুন এক সিনেমায় অভিনয় করবেন জন আব্রাহাম। এর কাহিনী আবর্তিত হবে ফুটবল খেলা নিয়ে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে শুরু হবে এই সিনেমার শুটিং।
উপমহাদেশে একসময়ের দুই জনপ্রিয় ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহন বাগানের কাহিনী নিয়ে গড়ে উঠবে ‘নাইন্টিন ইলেভেন’। জনের মতে, অনেকটা ‘লাগান’ এবং ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমা দুটির মিশ্রণ দেখা যাবে এই সিনেমায়।
সম্প্রতি জন বলেন, ‘এই সিনেমাটির জন্য আমরা অনেক গবেষণা করছি। এটি হবে এক সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা। আর যারা জানতে চান কেমন হবে এর কাহিনী, তাদেরকে বলছি অনেকটা ‘লাগান’ এবং ‘চাক দে ইন্ডিয়া’র সংমিশ্রণ হবে এটি। আশা করছি এই দুটি সিনেমার চেয়ে আমরা আরও ভালো করতে পারবো।‘
জন আরও জানান, সিনেমাটি প্রযোজনা করবেন তিনি নিজে। আর পরিচালকের ভূমিকায় থাকবেন সুজিত সিরকার।
অভিনেতা হিসেবে জনের ক্যারিয়ারে এটি হবে দ্বিতীয় ফুটবল ফিল্ম। এর আগে তিনি অভিনয় করেছিলেন ‘ধান ধানা ধান গোল’-এ; যা নির্মিত হয়েছিলো ইংল্যান্ডে প্রবাসী ভারতীয়দের একটি ফুটবর ক্লাবকে ঘিরে।
