ম্যান অফ স্টিলের সিকুয়েল
বেন অ্যাফ্লেক এবং হেনরি ক্যাভিল অভিনীত সুপারহিরো মুভি ‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েল মুক্তি পাচ্ছে ২০১৫ সালের পরিবর্তে ২০১৬ সালে। এ কারণে ব্যাটম্যান এবং সুপারম্যানের দ্বৈরথের জন্য ভক্তদের অপেক্ষা বাড়ল আরও এক বছর।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, নাম ঠিক না হওয়া ওই সিকুয়েলটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল ২০১৫ সালের ১৭ জুলাই। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে ওয়ারনার ব্রাদার্স জানিয়েছে, আরও নয় মাস পেছানো হবে এর মুক্তির দিনক্ষণ।
বিবৃতিতে আরও বলা হয়, ২০১৫ সালের ১৭ জুলাই মুক্তি পাবে পিটার প্যানের প্রিকুয়েল ‘প্যান’।
ঠিক কত তারিখে মুক্তি পাবে ‘ম্যান অফ স্টিল’-এর ওই সিকুয়েল, তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক সাফল্যের কথা ভেবে সুপারহিরো মুভিগুলো সাধারণত গ্রীষ্ম মৌসুমে মে মাসেই মুক্তি দেওয়া হয়। কন্টাক্টমিউজিকের ভাষ্য অনুযায়ী, এই সিনেমাও মে মাসে মুক্তি দেওয়ার কথা ভাবছে ওয়ারনার ব্রাদার্স। এই সিকুয়েলে সুপারম্যান ও ব্যাটমান দুই সুপার হিরোকেই দেখা যাবে।
