‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর ভূমিকায় ডেপ
সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এ নাম ভূমিকায় অভিনয় করতে পারেন জনি ডেপ।
যুক্তরাজ্যের ফিমেলফার্স্টের খবর অনুযায়ী, মারভেল কমিকসের জনপ্রিয় সুপারহিরো ‘ডক্টর স্ট্রেঞ্জ’-কে নিয়ে সিনেমা তৈরির আলোচনা চলছে অনেকদিন ধরে। তবে কে হবেন ‘ডক্টর স্ট্রেঞ্জ’, বিষয়টি এখনও চূড়ান্ত নয়। বিভিন্ন সময় উঠে আসছে নানা অভিনেতার নাম, এর মধ্যে রয়েছেন জনি ডেপসহ জোসেফ গর্ডন লেভিটের মতো শিল্পী।
এদিকে রোলিং স্টোন ম্যাগাজিন জানিয়েছে, এই চরিত্রের জন্য যদি ডেপকে নেওয়া হয়, তাহলে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করা কঠিন হবে তার জন্য। কারণ, ইতোমধ্যেই ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ সিনেমার সিকুয়েলের শুটিং করছেন ডেপ। তার হাতে আরও আছে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম কিস্তি।
কমিকবুক লেখক স্ট্যান লি এবং স্টিভ ডিটকোর সম্মিলিত সৃষ্টি হল ডক্টর স্টিভেন স্ট্রেঞ্জ। একজন নিউরোসার্জন স্ট্রেঞ্জ একটি গাড়ি দুর্ঘটনার পর ডাক্তারি ছেড়ে দেন। এরমধ্যেই একদিন এক জাদুকরের জীবন বাঁচান তিনি, সেই জাদুকর তাকে জাদুর প্রশি¶ণ দেন। এরপর ডক্টর স্ট্রেঞ্জ হয়ে যান এক জাদুকর, যিনি বিশ্বকে নানা অপশক্তির হাত থেকে বাঁচান।
‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিনেমার কার্যক্রম এখনও শুরুর পর্যায়ে রয়েছে, এ জন্য এখনও চূড়ান্ত হয়নি এর কোনো কলাকুশলীর নাম কিংবা মুক্তির তারিখ।
