সময় নাট্যদলের ভাগের মানুষ
সময় নাট্যদল ১৮ জানুয়ারি তাদের ছাব্বিশতম প্রযোজনা ‘ভাগের মানুষ’ নাটকের একশ’ ষাটতম মঞ্চায়ন করবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ নাটকের মঞ্চায়ন হবে।
নাটকের গল্প আবর্তিত হয়েছে ১৯৪৭ সালে দেশ বিভাগের প্রেক্ষাপটে, উপমহাদেশের মাটিতে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম নেওয়াকে কেন্দ্র করে। সে সময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে মানুষের প্রতি মানুষের স্বাভাবিক ভালোবাসা, বন্ধুত্ব ও মানবিকতা। উপমহাদেশের মানুষ হয়ে পড়ে দ্বিখণ্ডিত।
দলপ্রধান আকতারুজ্জান গ্লিটজকে জানান, নাটকের বিভিন্ন দৃশ্যে উঠে এসেছে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই ধর্মের মানুষ বিনিময়ের গল্প। এমনকি দুই দেশের পাগলাগারদে বন্দি হিন্দু ও মুসলমান পাগলদেরও সীমান্তে নিয়ে যাওয়া হয় বিনিময়ের জন্য। এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে সাম্প্রদায়িকতার অর্থহীন পাগলামিকে তুলে ধরা হয়েছে।
বিখ্যাত লেখক সাদাত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে নাটকের নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা, মঞ্চ পরিকল্পনা ও আবহ সংগীত করেছেন আলী যাকের। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান। পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা রশীদ লাভলী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, রিংকু, মৌসুমী, সোনিয়া প্রমুখ।
