২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি নিয়ে ‘জয় হো’

সালমান খানের মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘জয় হো’র কাহিনির সঙ্গে বর্তমান ভারতীয় রাজনীতির বিভিন্ন দিকের মিল রয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন নির্মাতা আরবাজ খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সিনেমার কাহিনি ভারতের আম আদমি পার্টিকে (এএপি) কেন্দ্র করে গড়ে উঠেছে, সম্প্রতি এমন গুঞ্জন উঠেছিল টিনসেলজুড়ে। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন সালমান। তবে কাহিনির সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির মিলের কথা বললেন সালমানের ভাই আরবাজ।

একটি অনুষ্ঠানে ৯ জানুয়ারি আরবাজ সাংবাদিকদের বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ‘জয় হো’ সিনেমার কাহিনি কিছুটা মিলে যায়। এটি কাকতালীয় ঘটনা।”

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে ২০১২ সালে আম আদমি পার্টির যাত্রা শুরু হয়। এরপর ২০১৩ সালের ডিসেম্বরে দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতের কংগ্রেসকে টপকে জয়ী হন।

সালমান খানের ছোট ভাই সোহেল খান পরিচালিত ‘জয় হো’ সিনেমাতেও দেশের একজন সাধারণ নাগরিকের ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।

আরবাজ বলেন, “আমার ভাই সালমান এবং সোহেল খানের উদ্যোগে নির্মিত হয়েছে ‘জয় হো’। আর এটি খুবই ভালো একটি সিনেমা। এর সাফল্য কামনা করছি আমি।”

তিনি আরও বলেন, “দর্শকরা ঠিক যে সালমানকে দেখতে চান তেমনই দেখতে পাবেন এই সিনেমায়। আশা করছি বছরের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে এটি।”

‘জয় হো’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন টাবু এবং নবাগতা ডেইজি সাহা। সিনেমাটি ২৪ জানুয়ারি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।