বাজিরাও মাস্তানিতে শাহরুখ?
বলিউডি নির্মাতা সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন শাহরুখ খান।
১৯৯৯ সালে প্রথম নিজের এই ‘ড্রিম ফিল্ম’-এর কথা জানিয়েছিলেন সঞ্জয়। সিনেমার মূল দুই চরিত্রের জন্য তার প্রথম পছন্দ ছিল তৎকালীন জনপ্রিয় জুটি সালমান খান এবং ঐশ্বরিয়া রাই।
তবে এই জুটির মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য হওয়ায় পরবর্তীতে কারিনাকে নিতে চেয়েছিলেন তিনি। অবশ্য সেটিও কার্যকর হয়নি।
এরই মধ্যে তিনি নির্মাণ করেন ‘দেবদাস’ এবং ‘ব্ল্যাক’-এর মতো দুটি সিনেমা। এরপর গুঞ্জন উঠেছিল হয়তো ঐশ্বরিয়ার বিপরীতে অভিষেক বচ্চনকে দেখা যাবে সঞ্জয়ের ওই সিনেমায়।
অবশেষে দীর্ঘ ১৪ বছর পর আবারও শোনা যাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’র নাম। মিডডের খবর অনুযায়ী, এই সিনেমার নায়কের চরিত্রে ইতোমধ্যেই শাহরুখ খানকে নিয়েছেন সঞ্জয়।
এক সূত্র জানায়, ২০১৩ সালে ‘রামলীলা’ মুক্তি পাওয়ার পর এবার ‘বাজিরাও মাস্তানি’-র কাজে হাত দিয়েছেন সঞ্জয়। তিনি এর শুটিং শুরু করতে চাচ্ছেন চলতি বছরের এপ্রিল মাসে। তবে এ ধরনের একটি সিনেমার শুটিং শুরুর আগে প্রি-প্রোডাকশনের বেশ কিছু কাজ শেষ করতে হবে।
ঐতিহাসিক ড্রামা ধাঁচের সিনেমা ‘বাজিরাও মাস্তানি’-র কাহিনি হবে মারাঠি প্রধান পেশোয়া বাজিরাওর জীবনকে ঘিরে। তার প্রেমিকা মাস্তানি ছিলেন একজন নৃত্যশিল্পী। বাজিরাওর স্ত্রী ছিলেন কাশিবাই। তবে মাস্তানির সঙ্গে তার প্রেমের কাহিনি নিয়েই গড়ে উঠবে ‘বাজিরাও মাস্তানি’।
বাজিরাওর চরিত্রে শাহরুখের নাম শোনা গেলেও মাস্তানি কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়।
এক সূত্র অনুসারে, মাস্তানির চরিত্রে দীপিকা পাড়ুকোনকে নিতে আগ্রহী সঞ্জয়। আর কাশিবাইয়ের চরিত্রে অভিনয় করতে পারেন ক্যাটরিনা কাইফ।
সূত্রটি আরও জানায়, ইতোমধ্যেই দীপিকা এবং ক্যাটরিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন সঞ্জয়। যদি সবকিছু চূড়ান্ত হয়, তবে ১৪ বছর পর সাফল্যের মুখ দেখবে ‘বাজিরাও মাস্তানি’।
