২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলআরবির বাংলা ব্লুজ

ওপেন এয়ার কনসার্টে বাংলা ব্লুজ পরিবেশন করবে ব্যান্ড এলআরবি। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চু গ্লিটজকে বলেন, “প্রথমবারের মতো ওপেন এয়ার কনসার্টে বাংলা ব্লুজ পরিবেশন করব আমরা। অবশ্য কিছুদিন আগে একটি এফএম রেডিওর লাইভ শোতে অংশ নিয়েছিলাম। সেদিন ব্লুজ পরিবেশন করে শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ব্লুজ অনেকেই করেন, কিন্তু বাংলায় ব্লুজ নিয়ে চর্চা তেমন হয়নি। এ জন্য আমি ‘এবি ব্লুজ ক্লাব’ প্রতিষ্ঠার মাধ্যমে এর চর্চা ও পরিসর বাড়াতে একটি উদ্যোগ নেই ২০১১ সালে।”

আইয়ুব বাচ্চু বলেন, “বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে ব্লুজ পৌঁছে দেওয়া এবং বাংলা সংগীতের জগতে নতুন দিক উন্মোচন করাই ক্লাবটির উদ্দেশ্য। সেদিক থেকে তিন বছরে আমাদের অর্জন উল্লেখযোগ্য।”

এলআরবি ব্লুজ ধারায় বেশ কয়েকটি নতুন গান কম্পোজ করেছে।

কনসার্টে ওই গানের পাশাপাশি ব্লুজ সংগীতজগতের কিংবদন্তি শিল্পীদের গান পরিবেশন করা হবে বলেও জানান আইয়ুব বাচ্চু।

অডিও বাজারের সমস্যা দূর না হলে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করবে না দলটি।

সাংস্কৃতিক চর্চাকেন্দ্র আইজিসিসি জানিয়েছে, মাসিক আয়োজনের অংশ হিসেবে কনসার্টটি গুলশান কেন্দ্রে শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ওইদিন দুই ঘণ্টা সংগীত পরিবেশন করবে এলআরবি।

সংস্থাটি আরও জানিয়েছে, গুলশান কেন্দ্রে সপ্তাহের ধারাবাহিক আয়োজনে চলতি মাসের ৩ তারিখে ব্যান্ড চিরকুট, ১১ তারিখে ব্যান্ড শিরোনামহীন ও ২৪ তারিখে অংশ নিচ্ছে ব্যান্ড শূন্য।