২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিকে আইরিনের বিদায়

কোনো টিভিনাটকে আর অভিনয় করবেন না আইরিন সুলতানা। চলচ্চিত্রেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে মন্তব্য করেছেন আইরিন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:03 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

আইরিন গ্লিটজকে বলেন, “সিনেমার ফাঁকে কিছু নাটকে অভিনয় করব বলে আগে ভেবেছিলাম। কিন্তু এখন বেশকটি নতুন সিনেমার ব্যাপারে কথা চলছে। সেগুলো চূড়ান্ত হলে নাটকের জন্য সময় বের করতে পারব না। শিডিউল জটিলতায় পড়ে যাব। এ জন্য নাটক ছেড়ে দেব বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ।

আইরিন আরও তিনটি সিনেমাতে অভিনয় করছেন। সিনেমাগুলো হল সাইফ চন্দনের ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, মোহাম্মদ আলী পারভেজের ‘প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা’ এবং গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’।

সিনেমায় অভিষেকের আগে আইরিন অভিনয় করেছেন আশুতোষ সুজনের  ‘ম্যানপাওয়ার’ ও ‘জলছবি’, আফসানা মিমির ‘পৌষ-ফাগুনের পালা’, এবি সোহেলের ‘অনুভবে ভালোবাসা’, আহমেদ সুস্ময়ের ‘ভালোবাসা ও একটি কাল্পনিক কাহিনি’ এবং তানভীর হোসেন প্রবালের ‘তবুও সংশয়’ নাটকে।