২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গনার প্রশিক্ষণ

অভিনয়ের পাশাপাশি এবার চিত্রনাট্য রচনার উপর প্রশিক্ষণ নেবেন কঙ্গনা রানাউত। আর তাই বছরের শুরুতেই নিউ ইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন ওই অভিনেত্রী।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:01 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

মিডডের খবর অনুযায়ী, ১ জানুয়ারি রাতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেন কঙ্গনা। ওখানকার এক ফিল্ম স্কুলে এক মাসের জন্য চিত্রনাট্য লেখার প্রশিক্ষণ নেবেন তিনি।

এ বিষয়ে কঙ্গনা বলেন, “আমি অনেকদিন ধরেই কাজটি করার কথা ভাবছিলাম। অভিনয়ের পাশাপাশি আমি আরও অনেককিছু করতে চাই। বিশেষ করে সংলাপ এবং চিত্রনাট্য লেখার প্রতি আমার আগ্রহ বেশি।”

তার অভিনীত নতুন সিনেমা ‘কুইন’এর কিছু সংলাপ নিজেই লিখেছেন কঙ্গনা।

কঙ্গনা জানিয়েছেন, ভিকাশ বেহেলের এই সিনেমায় মফস্বলের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের সঙ্গে নিজেকে ভালোভাবেই মেলাতে পেরেছেন কঙ্গনা। আর তাই কিছু সংলাপ মন থেকে বলতে পেরেছেন তিনি। ফলস্বরূপ সিনেমার সংলাপ লেখক হিসেবে পরিচিতি পেয়েছেন ইতোমধ্যেই।

এদিকে প্রশিক্ষণ শেষে কঙ্গনা ফিরবেন ‘কুইন’এর প্রচারণার জন্য। সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারির শেষে।

এরপর চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন কঙ্গনা। কঙ্গনা আশাবাদী, ভালোভাবেই চিত্রনাট্য লিখতে পারবেন তিনি।