শিশুতোষ চলচ্চিত্র ‘খুচরা পার্টি’
হাস্যরস ও রহস্যভিত্তিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘খুচরা পার্টি’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রুপাই ইসলাম। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
রুপাই গ্লিটজকে বলেন, “ঢালিউডে শিশুতোষ চলচ্চিত্রের সংখ্যা খুব কম। শিশুদের উপযোগী সিনেমা নির্মাণের উদ্যোগও নেই। অথচ শিশুরাও ভীষণ সিনেমাপাগল। তাদের কথা ভেবেই একটি শিশুতোষ সিনেমা বানাচ্ছি।”
এ সিনেমাতে ছোটদের মনস্তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি উঠে এসেছে সমাজের অবহেলিত শিশুদের কথা। এখানে রয়েছে কয়েকজন শিশু গোয়েন্দা। সিনেমার একপর্যায়ে ঘটে রহস্যময় একটি মারাত্মক দুর্ঘটনা। শিশু গোয়েন্দারা সেই রহস্যের জট উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়ে।
এ সিনেমার মাধ্যমে ঢালিউডে সংযুক্ত হচ্ছে ড্রোন ক্যামেরা ও ফলি সাউন্ড সিস্টেম প্রযুক্তি। হলিউডের সিনেমাতে ব্যবহৃত এই দুই প্রযুক্তি নিয়ে বেশ আশাবাদী রুপাই।
তিনি জানান, সিনেমার সাউন্ডকে স্টুডিওতে কৃত্রিমভাবে হাই ডেফিনেশনে নেওয়ার জন্য ফলি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এর ফলে দর্শকরা গল্পের প্রকৃত সাউন্ড আরও সূক্ষ্মভাবে অনুধাবন করতে পারবেন।
রুপাই জানান, খুব শীঘ্রই এ সিনেমার কলাকুশলী নির্বাচন করা হবে। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ সিনেমার শুটিং।
