এফডিসিতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ
প্রতিষ্ঠার ৫৭ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
বিজয়ের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্ব হাসান ইমামের উপস্থিতিতে সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এ সময় অন্যদের মধ্যে, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চলচ্চিত্রকার শহীদুল ইসলাম খোকন, শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজু আহমেদ, সাইদুর রহমান মানিক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার, মিয়া আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসান ইমাম বলেন, “আজকের মুহূর্তটা আনন্দের এ জন্য যে, জাতির জনকের স্মৃতিস্তম্ভ এফডিসির ভেতরে শোভা পাচ্ছে। এ জন্য ব্যক্তিগতভাবে আমি পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মুক্তিযোদ্ধা, তাই সবকিছুতে মুক্তিযোদ্ধার মান রক্ষায় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কাজ করছি। বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন বঙ্গবন্ধুর হাতে সৃষ্টি।”
বিশেষ অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম পীযূষ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে বলেন, “৫৭ বছরের দায় মোচন হল।”
