ছায়ানটে শুদ্ধসংগীত উৎসব
ছায়ানটে দুদিনব্যাপী ‘শুদ্ধসংগীত উৎসব ২০১৩’ শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ছায়ানট ভবনে উৎসবটি উদ্বোধন করবেন সংগীতজ্ঞ অমরেশ রায় চৌধুরী।
অমরেশ রায় চৌধুরীর আশীর্বাণী পাঠের মাধ্যমে উৎসব উদ্বোধন করা হবে। ওইদিন রাত ১০টা ৩০ মিনিটে শেষ হবে উৎসবের প্রথম অধিবেশন।
দ্বিতীয় অধিবেশন চলবে শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। তৃতীয় ও শেষ অধিবেশন একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলবে।
এ বিষয়ে ছায়ানটের পক্ষে আবদুল মালেক গ্লিটজকে জানান, প্রতিবছরের মতো এবারও ছায়ানট দুদিনব্যাপী শুদ্ধসংগীত উৎসবের আয়োজন করেছে। ৫ ও ৬ পৌষ (১৯ ও ২০ ডিসেম্বর), ছায়ানট মিলনায়তনে হবে এই উৎসব। উৎসবের উদ্বোধন হবে ৫ পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
উৎসবে কণ্ঠসংগীতশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন অমরেশ রায় চৌধুরী, লতিফুন জুলিও, সতীন্দ্রনাথ হালদার, বিজনচন্দ্র মিস্ত্রী, অলোক সেন, খায়রুল আনাম শাকিল, অনিল কুমার সাহা, রেজোয়ান আলী, অসিত দে, তুষার দত্ত, ফকির শহীদুল ইসলাম, প্রিয়াংকা গোপ।
যন্ত্রসংগীতশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন মোহনবীণাশিল্পী দোলন কানুনগো, বেহালাশিল্পী শিউলি ভট্টাচার্য, তবলাশিল্পী ইফতেখার আলম ডলার ও স্বরূপ হোসেন, বাঁশিশিল্পী মো. মনিরুজ্জামান, সেতারশিল্পী এবাদুল হক সৈকত।
তিনি আরও জানান, প্রতিদিনের অনুষ্ঠান শেষ হবে ছায়ানট শিল্পীদের বৃন্দসংগীত পরিবেশনার মাধ্যমে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সৌরভকুমার নাহার উৎসবে অংশ নিচ্ছেন বিশেষ শিল্পী হিসেবে।
উৎসবে সংগীতশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন সৈয়দ মেহের হোসেন, যতনকুমার পাল, সৈয়দ সাজিদ হোসেন, অরুণচন্দ্র দাস, রতনকুমার দাস, বাদল চৌধুরী, গৌতম সরকার, ইফতেখার আলম ডলার, জাকির হোসেন, স্বরূপ হোসেন, মো. শাকুর, বিজনচন্দ্র মিস্ত্রী ও আলমগীর পারভেজ।
ছায়ানট নিয়মিত শুদ্ধসংগীত উৎসবের আয়োজন করে আসছে ২০০৭ থেকে।
শুদ্ধসংগীত উৎসব উপলক্ষে মঙ্গলবার সকালে একটি সংবাদ সম্মেলন করে ছায়ানট। সম্মেলনে উৎসব সম্পর্কে আলোকপাত করেন ছায়ানটের সহসভাপতি ডা. সারওয়ার আলী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগীতবিদ্যায়তনের শুদ্ধসংগীত বিভাগের গুরু রেজোয়ান আলী, অসিত দে ও স্বরূপ হোসেন।
