২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের মা হতে চান স্পিয়ার্স

এবার একটি কন্যাসন্তান চান দুই ছেলের মা গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। তিনি মনে করেন, নিজের মেয়ে সঙ্গে থাকলে পৃথিবীতে আর একা লাগবে না তার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 04:48 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

ইনস্টাইল ম্যাগাজিনকে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পিয়ার্স আগামী পাঁচ বছর ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে কীভাবে নিজেকে ব্যস্ত রাখতে চান সেই পরিকল্পনা প্রকাশ করেন।

স্পিয়ার্স বলেন, “আমি প্রথম দুবছর নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই। কিন্তু এরপর আমি আরেকটি সন্তান নিতে চাই। আমি চাই এবার আমার একটি মেয়ে হোক, ঠিক আমার মতো। মনে হয়, মেয়ে আমার সঙ্গে থাকলে আমি আর কখনও একাকী বোধ করব না। আমার সবসময় মনে হবে এই পৃথিবীতে আমার জন্য কেউ আছে, ঠিক আমার মতো একজন।”

সাবেক স্বামী কেভিন ফেদারলাইনের সঙ্গে ৩২ বছর বয়সী স্পিয়ার্সের রয়েছে দুই ছেলে। ৮ বছর বয়সী শন ফেদারলাইন এবং জেইডেন ফেদারলাইন।

“মা হওয়া অবশ্যই কোনো সহজ ব্যাপার নয়”-- বলে মন্তব্য করেন স্পিয়ার্স।

তিনি বলেন, “একজন মা হিসেবে সবসময়ই আমি চিন্তায় থাকি, সন্তানদের জন্য আমি যা যা করছি সব ঠিক হচ্ছে তো? মা হিসেবে আমার হয়তো সন্তান লালনপালনের ব্যাপারে সবকিছু জানা উচিত, কিন্তু মাঝেমধ্যে দ্বিধা-দ্বন্দ্বে ভুগি আমি। সত্যি কথা বলতে কি, আমার মাঝে মাঝে মনে হয় যদি আমার এমন কিছু বন্ধু থাকত যাদের সন্তান রয়েছে, তবে ভালো হত।”

সম্প্রতি লাস ভেগাসে ৩ কোটি ডলারের এক বাড়িতে উঠেছেন স্পিয়ার্স, আগামী দুবছর তিনি পরিবার নিয়ে ওখানেই থাকবেন।

আর এই দুই বছর শুধুমাত্র লাস ভেগাসে আনুমানিক একশ’ কনসার্টে অংশ নেবেন স্পিয়ার্স। চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভেগাসে পারফর্ম করবেন তিনি।