২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিট-জোলির বিয়ের চার অনুষ্ঠান

বেশ জাঁকজমকের মধ্য দিয়ে বিয়ের পরিকল্পনা করছেন হলিউডি জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। চার দেশে ভিন্ন স্টাইলে চারবার বিয়ের অনুষ্ঠান পালনের পরিকল্পনা করছেন ওই জুটি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 04:45 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ আট বছর একসঙ্গে আছেন ওই জুটি। তারা ছয় সন্তানের মা-বাবাও। দীর্ঘ সম্পর্কের পর এবার তারা বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন। আর বিয়ের অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে চারটি দেশে চারবার বিয়ের অনুষ্ঠান করবেন ওই জুটি।

ডেইলিস্টার জানায়, তাদের বিয়ের প্রথম অনুষ্ঠান হবে অস্ট্রেলিয়ার আয়ার্স রকে। পিটের ৫০তম জন্মদিনে ১৮ ডিসেম্বর বিয়ের প্রথম অনুষ্ঠান হবে। অস্ট্রেলিয়ার আদি অধিবাসী অ্যাবোরোজিনিসদের রীতি অনুসারে সেখানে বিয়ের অনুষ্ঠান পালন করার পরিকল্পনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি।

দ্বিতীয় অনুষ্ঠান হবে ঘনিষ্ট আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের নিয়ে নিউ অর্লিন্সে অথবা লস এঞ্জেলেসে। ওই অনুষ্ঠানে আইনি আনুষ্ঠানিকতা পালন করবেন তারা।

তৃতীয় অনুষ্ঠান হবে বাহামার সৈকতে। সেখানে জোলির মায়ের অস্থি ভাসানো হয়েছিল।

সবার শেষে ওই জুটির দক্ষিণ ফ্রান্সের বাড়িতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে পরবর্তী সংবর্ধনা হবে ২০১৪ সালের মার্চ মাসে। আগামী বছরের কান চলচ্চিত্র উৎসবের পরপরই বিয়ের শেষ অনুষ্ঠানের আয়োজন করবেন পিট ও জোলি।