২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইরাসকে চান হেমসওয়ার্থ

সাবেক প্রেমিকা মাইলি সাইরাসকে নিজের জীবনে ফিরে পেতে চান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

ব্যাং শোবিজের খবর অনুযায়ী, ভালো থাকার চেষ্টা করলেও সাইরাসের সঙ্গে বিচ্ছেদকে এখনও মেনে নিতে পারছেন না হেমসওয়ার্থ। তিন বছর প্রেমের পর ভেঙে যাওয়া এই সম্পর্ক জোড়া লাগানোর জন্য সাইরাসকে রীতিমতো অনুরোধ করছেন তিনি।

ইউএস উইকলি এক সূত্রের বরাতে জানিয়েছে, নভেম্বরের শেষদিকে গোপনে দেখা করেছেন এই সাবেক জুটি। আর তাদের কথোপকথন এমন ছিল, যা দেখে মনে হয় তারা এখনও প্রেম করছেন।

সূত্রটি আরও জানিয়েছে, সাইরাসকে নিজের অনুভূতির কথা বলেছেন হেমসওয়ার্থ। তিনি তাদের পুনর্মিলনের বিষয়ে অধিক গুরুত্ব দিয়েছেন।

বেশ কয়েকদিন ধরেই নিজেদের মধ্যে ‘প্রেমসুলভ’ মেসেজ আদান প্রদান করছেন সাবেক এই প্রেমিক জুটি। কিন্তু এরপরেও সাইরাসের ফিরে আসার তেমন কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে সূত্রটি।

হেমসওয়ার্থের সঙ্গে পুনর্মিলনের ব্যাপারে অনেকটাই সন্দিহান সাইরাস।

কিছুদিন মেক্সিকান অভিনেত্রী ইজা গনজালেসের সঙ্গে প্রেম করার পরপরই সাইরাসের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন হেমসওয়ার্থ। জানিয়েছিলেন, সাইরাসকে ছাড়া ভালো আছেন।

এদিকে সম্প্রতি সাইরাসের নতুন অ্যালবাম ‘ব্যাঙ্গারজ’ মুক্তির পর তার সাফল্যে খুশি হয়েছিলেন হেমসওয়ার্থ।

অন্যদিকে হেমসওয়ার্থের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সাইরাসকে জড়িয়ে অনেকের নাম শোনা গেছে। কখনও শোনা গেছে  ‘রোলিং স্টোন’ ম্যাগাজিনের ফটোগ্রাফার থিও ওয়েনারের সঙ্গে প্রেম করছেন তিনি। আবার কখনও সংগীত প্রযোজক মাইক উইলের সঙ্গে তার ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে।

তবে সাইরাসের ভাষ্য অনুযায়ী, তিনি একা দারুণ সময় কাটাচ্ছেন।    

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/আরএস/ডিসেম্বর৫/১৩