মাকড়সায় ভীত লরেন্স
‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’-এর শুটিংয়ে মাকড়সা দেখে ভয়ে কান্নাকাটি করেছিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ২৩ বছর বয়সী ওই অভিনেত্রী পোকামাকড় বরাবরই ভয় পান। আর তাই পোকামাকড়ের সামনে পড়লে নিজেকে শান্ত রাখতে পারেন না তিনি।
কন্টাক্টমিউজিক জানায়, হাওয়াইয়ের জঙ্গলে ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ সিনেমার শুটিং চলাকালে লরেন্সের সামনে একটি মাকড়সা এসে পড়ে। আর তখনই কান্নাকাটি শুরু করে দেন ‘সিলভার লাইনিংস প্লেবুক’ খ্যাত ওই অভিনেত্রী।
লরেন্স বলেন, “সবাই আমাকে বলেছিল ওই জঙ্গলে কোনো মাকড়সা নেই। তবে আমি একসঙ্গে তিনটি মাকড়সা দেখেছি। আর তখনই কাঁদতে শুরু করি আমি। জঙ্গল খুবই ভয়ানক জায়গা।”
জেনিফার লরেন্স অভিনীত হাঙ্গার গেমস সিরিজের ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ সিনেমাটি মুক্তির পরেই আলোড়ন সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের বক্স অফিসে। দ্বিতীয় সপ্তাহেই সেরা দশ সিনেমার শীর্ষে পৌছে যায় সিনেমাটি।
পর পর বেশ কয়েকটি ব্যবসাসফল এবং আলোচিত সিনেমায় কাজ করেছেন জেনিফার লরেন্স। এবার কাজ থেকে কিছুটা বিরতি নিতে চান তিনি। এ বিষয়ে লরেন্স বলেন, “আমি কাজের গতি কিছুটা কমিয়ে দিতে চাই। বছরে এক থেকে দুটির বেশি সিনেমায় কাজ করা ঠিক নয়। মানুষ একই চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে।”
