গুজব না ছড়ানোয় ধন্যবাদ
প্রতিবার নতুন সিনেমার পর সহঅভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে গুজব শোনা গেলেও ‘র...রাজকুমার’-এর অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে নিয়ে কোনো গুঞ্জন না ওঠায় তাকে ধন্যবাদ জানিয়েছেন শাহিদ কাপুর।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘কিসমাত কানেকশন’ সিনেমার পর বিদ্যা বালান, ‘কামিনে’র পর প্রিয়াংকা চোপড়া এবং ‘ইশক ভিশক’ এর পর অমৃতা রাওকে ঘিরে শাহিদকে নিয়ে নানারকম গুজব ছড়িয়েছিল টিনসেলে। তবে প্রভুদেবার পরিচালনায় ‘র...রাজকুমার’ সিনেমায় সোনাক্ষির সঙ্গে শাহিদের রসায়ন নিয়ে এখনও কোনো গুজব ছড়ায়নি।
আর এ জন্য সোনাক্ষিকে ধন্যবাদ জানিয়ে শাহিদ বলেন, “সোনাক্ষিকে নিয়ে কোনো গুজব ছড়ায়নি। শুধু আমার ক্ষেত্রে নয়, এর আগে সোনাক্ষির সঙ্গে যারা অভিনয় করেছেন কাউকে নিয়েই গুজব শোনা যায়নি। আর তাই তাকে ধন্যবাদ।”
এ বিষয়ে সোনাক্ষি বলেন, “আমি এর আসল কারণটি ঠিক বলতে পারব না। তবে আমার মনে হয় যখন সহকর্মীর সঙ্গে ভালো বন্ধুত্ব হয় তখন আশেপাশের মানুষ এ নিয়ে গুজব ছড়ায় না।”
‘দাবাং’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সিনিয়র অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি। এর পর সালমান খান, অক্ষয় খান্না, অজয় দেবগন এবং এবার শাহিদ কাপুরের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন সোনাক্ষি। ক্যারিয়ারে খুব অল্প সময়েই তার ঝুলিতে জমা হয়েছে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা।
