২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরণ্যকের নতুন নাটক

আরণ্যক নাট্যদল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নতুন নাটক ‘স্বপ্নপথিক’-এর উদ্বোধনী মঞ্চায়ন করবে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 05:14 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

নাটক শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

দলটি ইতোমধ্যেই নিয়মিত মঞ্চায়নের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ১২ অক্টোবর আমন্ত্রিত অতিথিদের নিয়ে হয়ে গেছে নাটকের বিশেষ মঞ্চায়ন।

নাটকের মূল উপজীব্য সাভার ট্রাজেডি। সাভারের পোশাক তৈরি কারখানার ভবন ধসেপড়ার ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের গল্প।

নাটকের শুরুতেই তুলে ধরা হয়েছে পোশাকশ্রমিকদের জীবনের টানাপড়েন। অনেক পরিশ্রম করে অল্প বেতনে তারা কাজ করছেন। তাদের জীবনের আরেক নাম যেন কষ্ট। মঞ্চ পরিকল্পনা এবং আলোকসজ্জায় সেই আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

নাটক এগিয়ে যেতে থাকে, দেখা যায় বেতন না পাওয়াসহ পোশাকশ্রমিকদের নানাবিধ সমস্যা। তাদের বাধ্য করা হয় কাজে আসতে। কাজ শুরু হতেই ভেঙে পড়ে ভবনটি। শুরু হয় উদ্ধার তৎপরতা, প্রথমেই এগিয়ে আসে সাধারণ মানুষ।

এরপর শুরু হয় সরকারি বাহিনী ও স্বেচ্ছাসেবীদের মৃত মানুষ উদ্ধার আর জীবিত মানুষকে ভবন থেকে বের করে আনার দৃশ্য ।

এরমধ্যেই নাটকের কাহিনির ভেতর দিয়ে একে একে চলে আসে চিকিৎসা, সেবা, সংবাদকর্মীদের সংবাদের পেছনে ছোটার টুকরো গল্প। সবমিলিয়ে সাভার ট্রাজেডির পূর্ণাঙ্গ চিত্র এ নাটক।

নাটকের নির্দেশক মামুনুর রশীদ বলেন, ‘এত বড় একটা শিল্পদুর্ঘটনার চিত্র আমাদের সাহিত্য, কাব্য এবং শিল্পকলায় থাকা উচিত।’

ঢাকা বা দেশের বাইরেও নাটকটি মঞ্চায়ন হতে পারে বলে তিনি জানান।

স্বপ্নপথিক লিখেছেন হারুন রশীদ এবং নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। মঞ্চ পরিকল্পনা করেছেন রামিজ রাজু, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান। পোশাক পরিকল্পনা করেছেন এনাম তারা সাকি।

‘স্বপ্নপথিক’-এর বিভিন্ন চরিত্র চিত্রায়ন করেছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, রুবলী চৌধুরী, আরিফ আহমেদ, আবু হাসিম, কামরুল, মনির জামান প্রমুখ।