আতিক-শুকুর ইলশেগুড়ি
নির্মাতা ও নাট্যকার নুরুল আলম আতিকের পাণ্ডুলিপি থেকে ধারাবাহিক নাটক তৈরি করছেন তার স্ত্রী মাতিয়া বানু শুকু। ‘ইলশে গুড়ি’ শিরোনামের ২৬ পর্বের ধারাবাহিকটির শুটিংয়ের কাজ চলছে।
এ বিষয়ে নুরুল আলম আতিক গ্লিটজকে বলেন, “শুকুর পরিকল্পনাতে নাটকটি লিখেছি। তবে এই নাটকের সংলাপ থেকে শুরু করে প্রতিটি দৃশ্যে শুকু তার মতো করে কাজ করছেন।”
সিচুয়েশনাল কমেডিধর্মী নাটকটির গল্প এগিয়েছে একটি হাসপাতালকে কেন্দ্র করে। আতিক বলেন, “সব কিছুই আমাদের জীবনের নিত্য-নৈমত্তিক ঘটনা।”
ইলশেগুড়ির দৃশ্যধারণের কাজ শুরু হয় ১০ নভেম্বর থেকে। ইতোমধ্যে ১৪ পর্বের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। পাশাপাশি বাকি পর্বগুলোর শুটিং পরিকল্পনাও চলছে বলে জানান আতিক।
এতে অভিনয় করেছেন দিলারা জামান, আহমেদ রুবেল, মাজনুন মিজান, দীপান্বিতা হালদার, দিহান, স্বাধীন খসরু, জুই, ফারাবি, সামিয়া ও জমজ বোন-- টাপুর-টুপুর প্রমুখ।
নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে ডিসেম্বর মাসে।
