২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীর-দীপিকার ‘রাম-লীলা’

মানুষ যখন প্রেমে পড়ে, তখন সে ভাবতে পারে না কোনো পরিণতির কথা। প্রেম মানে না কোনো বাধা-বিপত্তি। কিন্তু এই প্রেম যখন হয় দুই বিরোধী পরিবারের নরনারীর মধ্যে, তখন তা হয়ে ওঠে মহাপাপ। যার পরিণতি কেবল মৃত্যু। এমনই এক প্রেমের কাহিনি নিয়ে ‘রাম-লীলা’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:27 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

সঞ্জয় লীলা বনসালি সিনেমা নির্মাণ করেছেন খুব বেশি নয়। কিন্তু তার পরিচালিত প্রতিটি সিনেমাই বলিউডে স্মরণীয় হয়ে আছে। ‘খামোশি’ দিয়ে শুরু, এরপর ‘হাম দিল দে চুকে সানাম’, ’দেবদাস’, ’ব্ল্যাক’, ’সাওয়ারিয়া’, ’গুজারিশ’ আর ‘রাম-লীলা’। বলিউডপ্রেমীদের কাছে সঞ্জয় লীলা বনসালির এই প্রতিটি সিনেমা কতখানি গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

কাজের প্রতি শতভাগ অনুগত সঞ্জয় তার প্রতিটি সিনেমা নির্মাণ করেন দীর্ঘ সময় নিয়ে। প্রতিটি চরিত্রে রূপদানকারী শিল্পীর ব্যক্তিগত আবেগ পর্দায় তুলে ধরা হল তার বিশেষ এক কৌশল। প্রেমকে এক ঐশ্বরিক অনুভূতি হিসেবে উপস্থাপন করার জন্য বরাবরই বিখ্যাত সঞ্জয়ের এবারের আয়োজন ‘রামলীলা’। বলা হয়, শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর প্রেম কাহিনিকে এবার ভারতীয় সংস্করণে উপহার দিয়েছেন তিনি।   

‘রাম-লীলা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হাল সময়ের জনপ্রিয় দুই মুখ, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধবেন রণবীর-দীপিকা। আর তাদের দুজনের পর্দা রসায়ন ইতোমধ্যেই সকলের নজর কেড়েছে। শুধু বড়পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও এই দুই শিল্পীর রসায়ন নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন।

সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে একাকী সময় কাটাচ্ছেন দীপিকা। এদিকে প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে রণবীর সিংয়ের। ‘রামলীলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে ইতোমধ্যেই ভালো বন্ধু বনে গেছেন রণবীর-দীপিকা। সিনেমার শুটিংয়ের মধ্যে রণবীর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর কাজের ফাঁকে বন্ধুকে নিয়মিত দেখার সময় ঠিকই বের করে নিয়েছেন দীপিকা। এমনকি সুস্থ হয়ে ওঠার পর রণবীরকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন তিনি। এ থেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেওয়া খুব কঠিন নয়।

‘রাম-লীলা’ সিনেমায় কাজ করার পর একসঙ্গে আরও কাজ করতে আগ্রহী এই জুটি। নিজেদের এই রসায়ন দর্শকের মন জয় করবে, বিষয়টি নিয়ে অনেকটাই নিশ্চিত তারা। তবে কি রেখা-অমিতাভ কিংবা কাজল-শাহরুখের পর এবার আরও একটি জনপ্রিয় জুটি পাবে বলিউড? তা সময়ই বলে দেবে।

‘বক্স অফিস কুইন’-- এর খেতাব ইতোমধ্যেই পেয়েছেন দীপিকা। পরপর বেশ কয়েকটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর বলা যায় সম্পূর্ণ ভিন্ন রূপে এবার হাজির হবেন তিনি। আর রণবীরের কথা যদি বলতেই হয়,’রাম-লীলা’ সিনেমার জন্য তার পরিশ্রমও ছিল চোখে পড়ার মতো। সিনেমাটির একটি গানের শুটিংয়ের জন্য কনকনে শীতের সকালে প্রায় ৪৫ মিনিট পানিতে কাটাতে হয়েছে রণবীরকে। তার সুঠাম দেহকে আরও সুগঠিত করার জন্য শুটিংয়ের সেটে রীতিমতো ব্যায়ামাগার বসানো হয়েছিল। আর নির্দিষ্ট ডায়েট প্ল্যান অনুযায়ী তাকে খেতে হয়েছে প্রতি দুঘণ্টায় একবার। 

নাচ-গান এবং অভিনয়, সবদিক থেকেই পারদর্শী হতে হয় বলিউডের শিল্পীদের। ‘রাম-লীলা’ সিনেমার গানগুলো এরমধ্যেই হয়েছে জনপ্রিয়। সঞ্জয় লীলা বনসালির নিজের লেখা এই গানগুলোর প্রতিটির চিত্রায়ন হয়েছে বিশেষ গুরুত্বের সঙ্গে। ‘লাহু মু লাগ গায়া’, ‘আং লাগা দে’, ‘নাগাড়া সাং ঢোল’ প্রতিটি গান শ্রোতামহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

এবার আসা যাক ‘রাম-লীলা’ সিনেমার আইটেম গানের প্রসঙ্গে। সিনেমায় ‘রাম চাহে লীলা’ নামের একটি আইটেম গানে নেচেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার ভাষ্য, গানটিতে তার নাচ হল সম্পূর্ণ নতুন ধাঁচের ‘মডার্ন মুজরা’। আর প্রিয়াংকার এই ‘মডার্ন মুজরা’ দর্শকের কতখানি ভালো লেগেছে, তা গানটি প্রকাশের কিছুদিন পরেই বোঝা গেছে। ইউটিউবে গানটি প্রকাশের মাত্র তিনদিনের মধ্যেই ১০ লাখ হিট পড়েছে।

বলা হয়, বিতর্ক বা ‘কন্ট্রোভারসি’ হল-- যে কোনো সিনেমার সবচাইতে ভালো প্রচারের মাধ্যম। বিতর্ক ইতিবাচক হোক কিংবা নেতিবাচক, এর কারণে সিনেমাটি ব্যবসা ঠিকই করতে পারে। ‘রাম-লীলা’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল নানা ধরণের বিতর্ক। রাজস্থানের দুই রাজপুত ঘরানার বিরোধিতাকে সিনেমার মাধ্যমে তুলে ধরার জন্য প্রথমেই বাধ সাধে রাজপুত সমাজ। এরপর আবার দাবি করা হয়, ’রাম-লীলা’র পোস্টারে দীপিকা-রণবীরের অশালীন ভঙ্গি রাজস্থানের সংস্কৃতির পরিপন্থি। এমনকি এটাও অভিযোগ আসে, ’রাম-লীলা’ নাম দিয়ে সিনেমাটির মাধ্যমে হিন্দুধর্মের অনুভূতিতে আঘাত হানা হচ্ছে।

এতসব অভিযোগের মুখে শেষমেশ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছিল ‘রাম-লীলা’র মুক্তির তারিখ। কিন্তু সকল চড়াই-উৎরাই পেরিয়ে এবার নির্ধারিত তারিখেই মুক্তি পাবে ‘রামলীলা-গোলিও কী রাসলীলা’।

বক্স অফিসে এখন চলছে ‘কৃষ থ্রি’র রাজত্ব,আসছে ডিসেম্বরে মুক্তি পাবে ‘ধুম থ্রি’। এরই মধ্যে মুক্তি পাচ্ছে ‘রামলীলা’। বনসালির পাকা হাতের পরিচালনা আর রণবীর-দীপিকার চমৎকার পর্দা রোমান্স,সবমিলিয়ে কেমন ব্যবসা করবে ‘রাম-লীলা’ তাই এখন দেখার বিষয়।