স্মৃতিকথা ও গানে হুমায়ূন স্মরণ
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে চ্যানেল আই চত্বরে ‘হুমায়ূন মেলায়’ যোগ দেন তার ভক্ত ও স্বজনরা।
বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল-আই আয়োজিত এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্মৃতিচারণ করেন শিল্পী-সাহিত্যিকরা।
এছাড়াও, চ্যানেল আই প্রাঙ্গণে বসে নানা পণ্যের স্টল।
উৎসব উদ্বোধন করতে গিয়ে তার স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, “আমরা হুমায়ূন আহমেদের জন্মদিনে কোনো দুঃখকে মনে রাখতে চাই না।”
আনন্দের প্রতীক হিসেবে তার ভক্ত-পাঠকদের কাছে আলোকোজ্জ্বল হুমায়ূন যুগ যুগ বেঁচে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “হুমায়ূন আহমেদের হাত ধরে বাংলা সাহিত্যের পুনর্জাগরণ শুরু হয়।”
মেলায় হুমায়ূন আহমেদের ‘হিমুসমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ফকির আলমগীরের নেতৃত্বে ঋষিজ শিল্পীগোষ্ঠীর গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, আকরামুল ইসলাম, ফরিদা পারভীন, সেলিম চৌধুরী, পলাশ, সফিউল আলম রাজা, শাহনাজ বেলী, প্রান্তি, আশিক।
মেলা প্রাঙ্গণে এসে শহীদুল ইসলাম খোকন জানান, ১৯৯৪ সালে একই সপ্তাহে মুক্তি পেয়েছিল হুমায়ূনের প্রথম সিনেমা ‘আগুনের পরশমণি’ ও আমার সিনেমা ‘কমান্ডার’।
নুহাশ পল্লীতে তাদের নানা আনন্দ স্মৃতির গল্পও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বাধিক নাটকের অভিনেতা ফারুক আহমেদ বলেন, “স্যার খুব কম মানুষের সঙ্গে তার কষ্ট শেয়ার করতেন।
“শুটিংয়ের ফাঁকে বা ঘরোয়া আড্ডায় স্যার আমাকে তার জীবন যুদ্ধের গল্প শোনাতেন।”
বিপদে ভেঙে না পড়ার শিক্ষা হুমায়ূনের কাছে তিনি পান বলে জানান তিনি।
হুমায়ূন আহমেদের রচনায় ‘ও কারিগর দয়ার সাগর’, ‘আমার আছে জল’, ‘শুয়া উড়িল’, ‘যদি মন কাঁদে’, ‘চান্নিপসর রাইতে’-সহ বেশ কয়েকটি গানের সংগীত পরিচালক এস আই টুটুল।
টুটুল বলেন, “হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর থেকেই আমি তার জন্মদিনে গান উপহার দিতাম। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার অনুপস্থিতিতেও আমি তাকে নিয়ে গান বাঁধব। গানের মাধ্যমেই তার প্রতি শ্রদ্ধা জানাব।”
মেলার সংগঠক ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ূন আহমেদের জন্মদিনের আনন্দে সাধারণ মানুষও যেন সামিল হতে পারে, এ ভাবনা থেকেই এ মেলার আয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন, ইতিহাসের অধ্যাপক আনোয়ার হোসেন, শিশু সাহিত্যিক আলী ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্মাতা শহীদুল ইসলাম খোকন, অভিনেতা ফারুক আহমেদ, ইন্দ্রমোহন রাজবংশী ও অন্যারা।
