নিকোল-কেটির বন্ধুত্ব
হলিউডি অভিনেতা টম ক্রুজের সাবেক দুই স্ত্রী নিকোল কিডম্যান এবং কেটি হোমসের মধ্যে গড়ে উঠেছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। তারা নিয়মিত ফোনালাপও করছেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, কেটি এবং নিকোল একে অপরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছেন।
কন্টাক্টমিউজিক জানায়, নিকোল এবং কেটি দুজনই বর্তমানে নিজ নিজ জীবন এবং পরিবার নিয়ে ব্যস্ত। নিকোল এবং কেটি ফোনে কাজ এবং পরিবার নিয়েই কথা বলেন বলে জানা গেছে।
এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, নিকোল এবং কেটি প্রায়ই কথা বলেন। এমনকি টমের সঙ্গে তাদের বিবাহিত জীবন কেমন ছিল সে বিষয়েও আলাপ করেন তারা।
এদিকে নিকোল এবং কেটি একসঙ্গে একটি সিনেমায় কাজ করার পরিকল্পনা করছেন। টমের সাবেক দুই স্ত্রীকে একই সিনেমায় অভিনয় করতে দেখলে দর্শকদের জন্য নতুন চমক হবে বলে ধারণা করছেন তারা।
এ পর্যন্ত তিনবার বিয়ের পিঁড়িতে বসা টমের সঙ্গে অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল গাঁটছড়া বাঁধেন ১৯৯০ সালে। এক দশকের দাম্পত্যের পর তাদের বিচ্ছেদ ঘটে ২০০১ সালে। কেটি হোমসের সঙ্গে টমের বিয়ে হয় ২০০৬ সালে। ২০১২ সালে বিচ্ছেদ হয় তাদের। এই জুটির একমাত্র কন্যা সুরির বয়স এখন ছয় বছর।
