অমিতাভের নামে সিনেমা
অমিতাভ বচ্চনের নামে কলকাতায় নির্মাণ করা হবে একটি সিনেমা। ‘বচ্চন’ নামের এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন পশ্চিম বাংলার দুই শিল্পী জিৎ এবং পায়েল।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সিনেমাটির কাহিনি গড়ে উঠবে অমিতাভকে ঘিরে। তবে এতে অভিনয় করবেন না অমিতাভ।
পরিচালক রাজা চন্দ বলেন, “সিনেমায় বচ্চন আছেন ঠিকই, তবে উনি অভিনয় করছেন না।”
তিনি আরও বলেন, “আসলে সিনেমায় অমিতাভকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। তাই এর নাম দিয়েছি বচ্চন। তবে সিনেমায় সরাসরি উনি নেই।”
তবে অমিতাভ না থাকলেও জিৎ এবং পায়েল সরকারের অভিনয় দেখার মতো একটি বিষয় হবে বলে আশা করছেন পরিচালক।
ওয়েবসাইট সিনেজলসার খবর অনুযায়ী, কমেডি থ্রিলার ধাঁচের এই সিনেমা হবে মূলত কানাড়া সিনেমা ‘ভিশনুভারধানা’র বাংলা রিমেক। এতে জিৎ এবং পায়েলের সঙ্গে থাকবেন দক্ষিণের অভিনেত্রী ঐন্দ্রিতা রায়।
জিতের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পায়েল বলেন, “রাজাদার ছবিতে আমি আর জিতদা একসঙ্গে কাজ করছি। আমার সত্যি দারুণ লাগছে।”
সিনেমায় পায়েল মুখ্য চরিত্রে থাকলেও জিতের বিপরীতে থাকবেন ঐন্দ্রিতা।
গ্রাসরুটস এন্টারটেইনমেন্ট এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সিনেমাটি প্রযোজনা এবং পরিবেশনা করবে। ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বচ্চন’-এর শুটিং।
বাঙালি মেয়ে জয়া বচ্চনের স্বামী অমিতাভ তার ক্যারিয়ারে একটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। ‘অনুসন্ধান’ নামের ওই সিনেমাতে তার সঙ্গে অভিনয় করেছিলেন রাখি এবং উৎপল দত্ত।
১৯৮১ সালে একই সঙ্গে হিন্দি ও বাংলা ভার্সনে মুক্তি পায় ছবিটি। হিন্দিতে এর নাম ছিল ‘বারসাত কি এক রাত’। কলকাতার বাংলা সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল ছবি এটি।
