অনাহারে জেনিফারের অনীহা
অন্যকে খুশি করার জন্য না খেয়ে থাকার পক্ষপাতী নন বলে মন্তব্য করেছেন হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স।
ব্যাং শোবিজ জানিয়েছে, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে তার ব্যক্তিত্ব নির্ধারণ করার জন্য সম্প্রতি ‘ই!’ চ্যানেলের অনুষ্ঠান ‘ফ্যাশন পুলিস’-এর সমালোচনা করেন জেনিফার।
ওয়েবসাইট ইয়াহুতে ভক্তদের সঙ্গে এক প্রশ্ন-উত্তর পর্বে ২৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “বিশ্বজুড়ে এখন একটি ধারণা প্রতিষ্ঠিত হয়েছে, যদি আপনি দেখতে মডেলদের মতো পারফেক্ট না হন, তবে আপনাকে কেউ মনে রাখবে না।”
তিনি বলেন, “আপনি যেমন, মানুষ আপনাকে তেমনই দেখবে। নিজের সাজসজ্জার ব্যাপারে স্বাচ্ছন্দ্যবোধ করা জরুরি। আপনি কী করবেন? অন্যকে খুশি করার জন্য নিজে প্রতিদিন না খেয়ে কাটাবেন? এটা পুরোপুরি বোকামি।”
এরপর ‘ফ্যাশন পুলিস’ অনুষ্ঠানের সমালোচনা করে জেনিফার বলেন, “ফ্যাশন পুলিসের মতো কিছু অনুষ্ঠান আছে যেখানে নতুন প্রজন্মকে শেখানো হচ্ছে মানুষকে কীভাবে তার চেহারা দিয়ে বিচার করতে হবে। আর তাদের মতে, কে দেখতে মোটা আর কে কুৎসিত এটা মানুষের মুখের উপর বলে দেওয়া যায়।”
অস্কারবিজয়ী এই অভিনেত্রী আরও বলেন, “একে অপরকে এভাবে বিচার করা আমাদের বন্ধ করতে হবে। কে মোটা কে কুৎসিত এসব বলা আমাদের বন্ধ করতে হবে।”
নিজের স্থূলকায় দেহের জন্য বরাবরই সমালোচনার শিকার হয়ে এসেছেন জেনিফার। সম্প্রতি এক ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে তাকে বলা হয়েছিল ওজন না কমালে অভিনয়ের সুযোগ হাতছাড়া হবে তার।
