বন জোভিকে প্রিন্স উইলিয়ামের সম্মাননা
আমেরিকান রকস্টার জন বন জোভিকে তার দাতব্য কাজের জন্য একটি বিশেষ আয়োজনে সম্মাননা প্রদান করবেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম।
কন্টাক্টমিউজিক জানায়, চলতি মাসের ২৬ তারিখ আয়োজিত হতে যাচ্ছে উইন্টার হোয়াইট গালা ইভেন্ট। দাতব্যের উদ্দেশ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজপুত্রের হাত থেকে ইয়ুথ ইন্সপিরিশন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বন জোভি। তার দাতব্য সংস্থা জোভি সোল ফাউন্ডেশন যুক্তরাজ্যের দরিদ্র তরুণ এবং পরিবারদের সাহায্য করে থাকে।
কেনসিংটনে আয়োজিত ২৬ তারিখের অনুষ্ঠানে তহবিল সংগ্রহের জন্য একটি নিলামেরও আয়োজন করা হচ্ছে। ওই নিলামের মধ্য দিয়ে গৃহহারাদের জন্য তহবিল সংগ্রহ করা হবে। অনুষ্ঠানে বন জোভির পাশাপাশি আরও থাকবেন সংগীতশিল্পী টেইলর সুইফট, জেমস ব্লান্ট এবং এলিজা ডুলিটল।
গৃহহারাদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সেন্টারপয়েন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি এবার রাজপরিবার পরিচালনা করতে যাচ্ছে। উইলিয়াম ব্যক্তিগতভাবে ৮ বছর ধরে দাতব্যকাজে যুক্ত আছেন।
