ইটিশ পিটিশ প্রেম
চলচ্চিত্রকার মোস্তাফিজুর রহমান মানিক ‘ইটিশ পিটিশ প্রেম’ শিরোনামে নতুন একটি সিনেমা নির্মাণ করবেন।
এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন মানিক।
এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্রকার মানিক গ্লিটজকে বলেন, “সিনেমাটি হবে রোমান্টিক-কমেডি ধাঁচের। এই সিনেমায় দেখা যাবে, চার নায়ক এক নায়িকার প্রেমে দিওয়ানা। এ চারটি চরিত্র হল গায়ক, চাকরিচ্যুত পুলিশ অফিসার, ইউনিয়ন পরিষদের মেম্বারের ছেলে এবং পাড়ার মাস্তান। গায়ক চরিত্রে সাইমন, পুলিশ অফিসার চরিত্রে রিপন ও মাস্তান জাগিয়া গুণ্ডার চরিত্রে অভিনয় করবেন শিমুল খান। মেম্বারের ছেলের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও স্থির হয়নি। নায়িকা চরিত্রে অভিনয় করবেন নবাগত প্রিয়াংকা পরী।”
মানিক জানান, চলতি নভেম্বরের শেষ সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
মানিক আরও জানান, সিনেমাটি প্রযোজনা করছে নবধারা চলচ্চিত্র। আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘ইটিশ পিটিশ প্রেম’।
এ সিনেমার গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করছেন জে. কে.। গানগুলোর দৃশ্যায়ন হবে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।
