গাগার বিরুদ্ধে মামলা
নিজের প্রাপ্য সম্মানী না পাওয়ার অভিযোগে পপতারকা লেডি গাগার বিরুদ্ধে মামলা করেছেন সংগীত প্রযোজক টেডি রাইলি।
ব্যাং শোবিজ জানিয়েছে, ২০০৯ সালে প্রকাশিত গাগার গান ‘টিথ’ প্রযোজনা করার পর এখন পর্যন্ত নিজের প্রাপ্য সম্মানী পাননি টেডি। আর তাই গাগার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।
টেডি দাবি করেন, গানটি পরবর্তীতে গাগার ইপি অর্থাৎ এক্সটেন্ডেড প্লে অ্যালবাম ‘দ্য ফেইম মনস্টার’-এ প্রকাশিত হয়েছিল। এই অ্যালবামটি ব্যাপক সফল হলেও ঐ গানটির জন্য কোনো সম্মানী পাননি টেডি।
টিএমজি জানিয়েছে, টেডিকে তার গান লেখা বাবদ ২৫ শতাংশ সম্মানী দেওয়ার কথা ছিল। কিন্তু এবার মামলায় তার জয় হলে তিনি পাবেন ৫ লক্ষ ডলার।
চলতি বছরের জানুয়ারিতে নিজের মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করে সংবাদ শিরোনাম হন টেডি। টেডির মেয়ে গীতিকার তাহা রাইলি দাবি করেছিলেন ‘টিথ’ গানটি বাবার সঙ্গে তিনিও লিখেছিলেন।
গাগার ইপি অ্যালবাম ‘ফেইম মনস্টার’ প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম প্রকাশের কিছুদিন পরেই। এই অ্যালবামটি ব্যাপক সফল হয় এবং গাগাকে বর্তমান সময়ের অন্যতম সেরা শিল্পীর খেতাব এনে দেয়।
