প্রেমকাহিনি চান অক্ষয়
প্রেমকাহিনিভিত্তিক সিনেমায় অভিনয় করতে চান বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। অনেকদিন ধরেই অ্যাকশন-কমেডি সিনেমায় অভিনয় করে আসছেন অক্ষয়। তবে রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, পরপর বেশ কয়েকটি ব্যবসাসফল অ্যাকশন কমেডি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অক্ষয়। তবে বলিউডি খিলাড়ির ঝুলিতে জনপ্রিয় বেশ কয়েকটি রোমান্টিক সিনেমাও রয়েছে। আর তাই আবারও রোমান্টিক সিনেমায় অভিনয় করতে চান তিনি।
অক্ষয়ের জনপ্রিয় অ্যাকশন কমেডি সিনেমার মধ্যে রয়েছে ‘ওয়েলকাম’, ‘রাউডি রাঠোর’, ‘খিলাড়ি ৭৮৬’, ‘বস’। ‘হাউজফুল’ এবং ‘হাউজফুল টু’-এর মতো কমেডি সিনেমাও রয়েছে তার জনপ্রিয় সিনেমার তালিকায়।
তবে ২০০৭ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে অক্ষয়ের ‘নামাস্তে’ লন্ডন রোমান্টিক সিনেমা জনপ্রিয়তা পেয়েছিল। এর আগে শিল্পা শেঠির বিপরীতে অক্ষয় অভিনীত প্রেমের সিনেমা ‘ধাড়কান’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
রোমান্টিক সিনেমার পাশাপাশি হরর সিনেমায় কাজ করার পরিকল্পনা করছেন অক্ষয়। অক্ষয় বলেন, “অনেকদিন ধরেই লাভ-স্টোরি নিয়ে কাজ করা হচ্ছে না আমার। তাই আবারও রোমান্টিক সিনেমায় কাজ করতে চাই। পাশাপাশি হরর সিনেমাতেও কাজ করতে চাই আমি।”
অক্ষয়ের সদ্যমুক্তিপ্রাপ্ত ‘বস’ সিনেমাটি এরমধ্যে আয় করেছে ৪৫ কোটি রুপি। অক্ষয় ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি থিয়েটারে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন।
অক্ষয় বলেন, “দর্শকদের মতামত শুনতে ভালোই লাগে। কয়েকটি থিয়েটারে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমাটি উপভোগ করেছেন।”
