২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

 নতুন বন্ড গার্ল কে?

জেমস বন্ড সিরিজের ২৪তম সিনেমায় কে হবেন বন্ড গার্ল, এ নিয়ে চলছে ব্যাপক প্রতিযোগিতা। বন্ড গার্ল হওয়ার ওই দৌড়ে এগিয়ে আছেন হলিউডি অভিনেত্রী হেলেন ফ্লানাগান এবং মডেল কেইট আপটন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:10 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

হাফিংটন পোস্ট জানিয়েছে, নতুন সিনেমা ‘বন্ড টোয়েন্টিফোর’ এর জন্য ইতোমধ্যেই নির্মাতাদের সঙ্গে দেখা করেছেন ২৩ বছর বয়সী হেলেন। এক সূত্র জানিয়েছে, বন্ড গার্ল হওয়ার জন্য যেসব বিশেষ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তার সবই আছে হেলেনের মধ্যে।

এদিকে অনেক আগেই পরবর্তী বন্ড সিনেমায় বন্ড গার্ল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কেইট আপটন।

কেইট বলেন, “এটি খুবই সম্মানজনক একটি চরিত্র। আর অভিনয়ের জন্য এটি নিঃসন্দেহে চমৎকার। বন্ড গার্ল হওয়ার জন্য আমাকে বেশ কিছু বিশেষ ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে।”

বন্ড টোয়েন্টিফোর-এর মাধ্যমে নির্মাতা স্যাম মেন্ডেস আরও একবার ফিরছেন বন্ড সিনেমার পরিচালক হিসেবে। সেইসঙ্গে পরপর তিনটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করে সুনাম কুড়ানোর পর আবারও বন্ড হিসেবে দেখা যাবে অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে।

এরই মধ্যে নির্ধারিত হয়েছে ‘বন্ড টোয়েন্টিফোর’-এর মুক্তির তারিখ; সবকিছু ঠিক থাকলে ২০১৫ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।