ব্যস্ত মৌরি
চারটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মৌরি সেলিম। নাটকগুলো হল-- ইরানি বিশ্বাসের ‘পিএইডি সালমান’, ইদ্রিস হায়দারের ‘মানিকগঞ্জের বড় মিয়া’, আখতার তুহিনের ‘অবশেষে’, ফজলুর রহমানের ‘সময়ের হাতঘড়ি’।
মৌরি গ্লিটজকে বলেন, “পিএইচডি সালমান ও মানিকগঞ্জের বড় মিয়া নাটক দুটি হাস্যরসে ভরপুর। দুুটি নাটকেই গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে। সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে ‘অবশেষে’ ও ‘সময়ের হাতঘড়ি’ । মানিকগঞ্জের বড় মিয়া নাটকে আমার বিপরীতে অভিনয় করছেন হাসান মাসুদ।”
মৌরি অভিনীত সাতটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। নাটকগুলো হল-- এবি রাসেলের ‘চক্কর’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘সংঘাত’, লিটু করিমের ‘যৈবতী কন্যা’, সকাল আহমেদের ‘ঠিকানা জানা নেই’, মোহন খানের ‘নীড় খোঁজে গাংচিল’, উজ্জ্বল মাহমুদের ‘নাটাইপাড়া ঘুড্ডিপাড়া’ এবং বাবলু আহমেদের ‘ওয়ারিশ’।
নাটকের ব্যস্ত অভিনেত্রী মৌরি বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত কাজ করছেন। মৌরি জানালেন, খুব শীঘ্রই নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করবেন।
সিনেমায় অভিনয় করবেন কবে-- এ প্রশ্নের জবাবে মৌরি বলেন, “সিনেমা অনেক বড় জগত। এ জগতের জন্য নিজেকে এখনও প্রস্তুত করতে পারিনি। আটঘাট বেঁধে মাঠে নামতে চাই।”
