শার্লিজ থেরনের গলায় অস্ত্রোপচার
হলিউডি অভিনেত্রী শার্লিজ থেরন সম্প্রতি তার গলায় অস্ত্রোপচার করিয়েছেন। ২০০৫ সালে মুক্তি পাওয়া তার অ্যাকশন সিনেমা ‘এওন ফ্লাক্স’-এর শুটিংয়ের সময় ব্যথা পাওয়ার কারণে এই অস্ত্রোপচার করতে হল থেরনকে।
ওকে ম্যাগাজিনের খবর অনুযায়ী, সিনেমায় নিজের স্টান্টগুলো নিজেই করার কারণে গলায় ব্যাথা পান থেরন। এত বছর পর হঠাৎ ঐ ব্যথা আবার বেড়ে যাওয়ার কারণে সম্প্রতি অস্ত্রোপচার করালেন তিনি।
ম্যাগাজিনটি এক সূত্রের বরাতে আরও জানিয়েছে, ঐ সিনেমার শুটিংয়ের সময় থেরনের মেরুদণ্ডের একটি হাড় ভেঙেছিল। বছরখানেক আগে ঐ স্থানটিতে ব্যথা আবারও ফিরে আসায় বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি। আর তাই অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ডের হাড় ঠিক করেন থেরন। খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি। সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম করে এবং ঘুরে বেরিয়ে সময় কাটানোর পরিকল্পনা করেছেন থেরন।
এ বিষয়ে থেরন নিজে এখনও জনসম্মুখে কিছু বলেননি। তবে ৪ অক্টোবর ভ্যারাইটি ম্যাগাজিনের এক অনুষ্ঠানে তাকে গলায় স্কার্ফ পরা অবস্থায় দেখা যায়। তার গলায় একটি ব্যান্ডেজও লাগানো ছিল।
সূত্রটি আরও জানায়, গলায় ছোট্ট একটি ব্যান্ড-এইড লাগিয়ে রেখেছিলেন থেরন। স্কার্ফ দিয়ে বারবার ঢাকার চেষ্টা করলেও ব্যান্ডেজটি বেরিয়ে যাচ্ছিল।
