মেয়ের বাবা হতে চান সালমান
বলিউডি অভিনেতা সালমান খান বলেছেন, যদি কখনও তিনি বাবা হন, তবে সন্তান হিসেবে একটি মেয়েশিশু চান তিনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সালমান বলেন, “যদি আমি কখনও সন্তানের বাবা হই, ইনশাল্লাহ অবশ্যই হব, তবে আমি চাইব আমার সন্তানটি মেয়ে হোক।”
মিস ইউনিভার্স অলিভিয়া কুলপোর সঙ্গে মিলে ভারতে ভ্রূণহত্যা বন্ধ এবং নারীদের জন্য সচেতনতামূলক একটি প্রচারণায় অংশ নিয়েছেন সালমান।
‘বিয়িং হিউম্যান’ সংগঠনের প্রতিষ্ঠাতা সালমান বরাবরই তার সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত।
আর পেশাগত জীবনে বর্তমানে সালমান ব্যস্ত আছেন ‘জয় হো’ সিনেমার কাজে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।
