মল্লিকার পছন্দ নরেন্দ্র মোদিকে
বলিউডি অভিনেত্রী মল্লিকার মতে, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন সেরা ব্যাচেলর।
মল্লিকা বলেন, “আমি খুবই রোমান্টিক একজন মেয়ে। আমি রাহুল গান্ধীকে নয়, মোদিকে পছন্দ করি।”
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকান ডেটিং গেইম শো অবলম্বনে নির্মিত রিয়ালিটি শো ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খেয়ালো কি মালিকা’ নিয়ে প্রথমবারের মতো এবার ছোটপর্দায় হাজির হবেন ৩৬ বছর বয়সী মল্লিকা।
কয়েকদিন আগে মোদীর জন্মদিনে তাকে ভিডিওর মাধ্যমে শুভেচ্ছাও জানান মল্লিকা। তিনি বলেন, যদি তার অনুষ্ঠানে নরেন্দ্র মোদী কখনও আসেন, তাহলে মোদী যা বলবেন, তিনি তাই করবেন।
তবে নতুন রিয়ালিটি শোর মাধ্যমে নিজের জন্য বর নয়, বরং সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চান তিনি।
এ বিষয়ে মল্লিকা বলেন, “বিয়ের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আমি খুবই একা আর আমি সত্যিকারের ভালোবাসা খুঁজছি। এখানে খোঁজাটাই বড় কথা, কাকে পেলাম তা বড় ব্যাপার নয়।”
তবে মল্লিকা জানান, যখন তিনি সিদ্ধান্ত নেবেন বিয়ের পিঁড়িতে বসার, তিনি এমন কাউকে খুঁজে নিবেন, যার সঙ্গে গ্ল্যামার দুনিয়ার কোনো সম্পর্ক নেই।
‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া’ অনুষ্ঠানের ৩০ পর্বের জন্য ৩০ কোটি রুপি দাবি করেছেন মল্লিকা। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে মল্লিকা বলেন, “আমি মিথ্যা বলতে পারি না, তবে আমি বিষয়টি অস্বীকার করছি না।”
৭ অক্টোবর থেকে হিন্দি চ্যানেল ‘লাইফ ওকে’-তে প্রচারিত হবে মল্লিকার ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া।
