২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহজাবীন ভীষণ ব্যস্ত

অভিনেত্রী মেহজাবীন এখন ভীষণ ব্যস্ত। একের পর এক নাটকের শুটিং চলছে তার। প্রতিদিনই সাতসকালে বেরিয়ে ঘরে ফিরছেন গভীর রাতে। কখনও রাত ভোর হয়ে যাচ্ছে। মেহজাবীন জানান, এই ব্যস্ত সূচিতে দম ফেলার ফুরসত নাই।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

ঈদের নাটক প্রসঙ্গে মেহজাবীন গ্লিটজকে বলেন, “ঈদের পাঁচটি নাটকের কাজ শেষ করেছি। নুজহাত আলভির ‘কমন ডায়ালগ’, ফরহাদ-উর-রেজার ‘তুমি আর..’, সূর্য আহমেদের ‘স্বপ্ন দেখেই ছাড়ব’, রিশিতার ‘গরু যখন গুরু’, সঞ্জয় বড়ুয়ার ‘একটি পরিকল্পিত বিবাহ’ নাটকে অভিনয় করেছি। প্রথম চারটি নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন সজল, আর শেষটিতে নাঈম।”

‘তুমি আর ..’ নাটকের গল্প প্রসঙ্গে মেহজাবীন জানান, এক ক্যান্সার রোগীর ভূমিকায় অভিনয় করেছি। বিশ্ববিদ্যালয় পড়–য়া মেয়েটি ভালোবাসে তার সহপাঠীকে। ক্যান্সার ধরা পড়ার পর মেয়েটি তার ভালোবাসার মানুষকে বোঝায়, সে ছেলেটির জীবনের সবকিছু নয়। তার স্বপ্ন সত্যির মিশনে মেয়েটিকে যেন তার সঙ্গে বেঁধে না ফেলে। কিন্তু ভালোবাসার টানে ছেলেটি তাকে ছেড়ে যায় না। শেষমুহূর্ত অবধি ছেলেটি থেকে যায় তার সঙ্গে।

‘একটি পরিকল্পিত বিবাহ ’ নাটকের গল্পটি বেশ মজার। গল্পের শুরুতে দেখা যাবে, মেহজাবীন ও নাঈমের বিয়ে হয় পারিবারিকভাবে। কিন্তু তারা বিয়ে মেনে নিতে পারে না। তারা সিদ্ধান্ত নেয়, পরিবারের অন্যান্যদের সামনে স্বামী-স্ত্রীর অভিনয় করবেন। নানা ইস্যুতে ঝগড়া বাঁধাবেন। আর এ সূত্র ধরেই তারা বিবাহ বিচ্ছেদ করবেন। কিন্তু ঘটে তার ঠিক উল্টো। একে অপরকে ভালোবেসে ফেলেন তারা।

‘ডুবোশহর’ চলচ্চিত্রে মেহজাবীন অভিনয় করবেন এক কলেজ পড়ুয়া তরুণীর ভূমিকায়। এই চলচ্চিত্র নিয়ে মেহজাবীন জানালেন তার প্রত্যাশার কথা। তিনি জানালেন এই চলচ্চিত্রে এক নতুন রূপে হাজির হবেন তিনি।

বাংলালিংকের বিজ্ঞাপন প্রচারের পর বিজ্ঞাপনজগতেও কদর বেড়েছে তার। পরিচালকরা নিয়মিতই আসছেন তার দুয়ারে। কিন্তু ব্যাটে বলে মিলছে না বলে তাদের ফিরিয়ে দিতে হচ্ছে।

শান্ত মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী মেহজাবীন জানালেন, ব্যস্ত সূচির ফাঁকে ক্লাসও নিয়মিত করতে হয়। পরীক্ষা পাসের একটা ব্যাপার আছে তো!