আসবে ‘গ্র্যান্ড মাস্তি থ্রি’
অ্যাডাল্ট কমেডিভিত্তিক বলিউডি সিনেমা ‘গ্র্যান্ড মাস্তি’ মুক্তির পরই ঝড় তুলেছে বক্স অফিসে। আর সিনেমাটির সাফল্যে অনুপ্রাণিত হয়ে পরিচালক ইন্দ্র কুমার জানিয়েছেন ৬ মাসের মধ্যেই ‘গ্র্যান্ড মাস্তি থ্রি’-এর শুটিং শুরু করবেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, মুক্তির পর সপ্তাহ না ঘুরতেই সিনেমাটি বক্স অফিস থেকে তুলে নেয় ৬৬.৪৮ কোটি রুপি। আর এই সাফল্যই পরিচালক ইন্দ্রকে অনুপ্রাণিত করেছে সিনেমাটির আরও একটি সিকুয়েল নির্মাণে।
এ বিষয়ে ইন্দ্র কুমার বলেন, “আমরা অবশ্যই গ্র্যান্ড মাস্তি থ্রির কাজ শুরু করব। ৬ মাসের মধ্যেই হয়তো কাজ শুরু করব সিনোমাটির। তবে এখনই সেটি নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করতে পারছি না। কারণ আমি আমার পরবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত আছি।”
২০০৪ সালের ‘মাস্তি’ সিনেমার পর নয় বছরের বিরতিতে এর সিকুয়েল মুক্তি পায়। তবে এবার আর দর্শকদের খুব বেশি অপেক্ষা করতে হবে না, এমনটাই জানিয়েছেন নির্মাতারা।
