২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় সোলায়মান মেলা

নাট্যকর্মী এস এম সোলায়মান স্মরণে নয়টি নাট্য সংগঠনের কর্মীরা আয়োজন করছে ‘রঙ্গমাতন সোলায়মান মেলা’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 04:21 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলাটি।

এবারের মেলার আয়োজক থিয়েটার আর্ট ইউনিট।

বাংলাদেশের মঞ্চ নাটকে এস এম সোলায়মান ছিলেন একাধারে অভিনেতা, নাট্য নির্দেশক ও সংগীত পরিচালক। ২৯ সেপ্টেম্বর তার ষাটতম জন্মদিন উপলক্ষে ২৭ সেপ্টেম্বর আয়োজিত হচ্ছে মেলা।

মেলা উদযাপনের জন্য ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মেলার আহ্বায়ক মোহাম্মদ বারী গ্লিটজকে বলেন, “এস এম সোলায়মান অভিনীত নাটকে ফুটে উঠেছে আবহমান কালের গ্রামবাংলার চিত্র। তার নির্দেশনায় মঞ্চ নাটকে সামাজিক বৈষ্যমের ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছে। মঞ্চ নাটকের সাংগঠনিক কাঠামো প্রণয়নে তার ভূমিকা অনস্বীকার্য। এস এম সোলায়মান গানেও সমান পারদর্শী ছিলেন। তাকে স্মরণ করতে আমাদের এই আয়োজন।”

তিনি জানান, এবারের মেলায় নয়টি নাট্য সংগঠন অংশ নিচ্ছে। নাট্যদলগুলো হচ্ছে-- আরণ্যক নাট্য দল, সুবচন নাট্য সংসদ, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, স্বপ্নদল, বটতলা, ঐকিক থিয়েটার, তীরন্দাজ এবং থিয়েটার আর্ট ইউনিট। নয়টি নাট্য সংগঠন আলাদা স্টল দিচ্ছে মেলা প্রাঙ্গনে। নাট্যবিষয়ক নানা প্রদর্শনী থাকবে এই স্টলগুলোতে।

সন্ধ্যা ৭টায় থাকছে আলোচনা সভা। এ সভায় নাট্যকর্মীদের জিজ্ঞাসায় এস এম সোলায়মান বিষয়ে নানা প্রশ্নের জবাব দিবেন তারিক আনাম খান, মান্নান হীরা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘সা¤প্রদায়িক মৌলবাদের উত্থানে রাজনৈতিক সংকট : নাট্যকর্মীর দায়বদ্ধতা’ শীর্ষক বৈঠক। বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করবেন মফিদুল হক।

প্রতি বছরের মতো এবারও তরুণ নাট্যকর্মীদের সৃজনশীলতার জন্য ‘এস এম সোলায়মান প্রণোদনা’ পুরস্কার প্রদান করা হবে।

মেলার শেষ আয়োজন গীতিনাট্য ‘জনম দুঃখী মা’। পরিবেশন করবে থিয়েটার আর্ট ইউনিট।