আবারও হুমায়ূনের গল্প থেকে টেলিফিল্ম
হুমায়ূন আহমেদের লেখা গল্প ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ অবলম্বনে আরেকটি টেলিফিল্ম তৈরি করেছেন নির্মাতা রায়হান খান। এবারে সিকুয়েলটির শিরোনাম দেওয়া হয়েছে ‘যদি ভালো না লাগে তো দিও না মন ২’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শামীম শাহেদ ও নুসরাত ইমরোজ তিশা।
এ বিষয়ে শামীম শাহেদ বলেন, “হুমায়ূন আহমেদ স্যারের গল্প সবার ভালো লাগে। ‘যদি ভালো না লাগে তো দিও না মন’-এর প্রথম খণ্ডটি দারুণ দর্শকপ্রিয় হয়েছিল। আশা করি, এবারও ব্যতিক্রম হবে না।”
অভিনেত্রী তিশা বলেন, “এতে কাজ করতে পেরে ভালো লাগছে। স্ইুজারল্যান্ড, ইতালি ও ফ্রান্সের দারুণ সব লোকেশনে শুটিং হয়েছে।”
এদিকে নির্মাতা সুত্রে জানা গেছে, গল্পটি হুমায়ূন আহমেদ লিখেছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাসপাতালে বসে। ঈদের অনুষ্ঠানমালায় টেলিফিল্মটি প্রচারিত হয়েছিল। এবার হুমায়ূন আহমেদের সেই গল্পের ছায়া অবলম্বনেই এই টেলিফিল্ম তৈরি হয়।
আরও জানা গেছে, এবারের টেলিফিল্মটির শুটিং হয়েছে স্ইুজারল্যান্ডের জেনেভা, ইতালির মিলান আর ফ্রান্সের সালেভ শহরে।
ঈদ-উল-আজহায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে এটি।
