‘হাউজ অফ কার্ডসের’ পরিচালনায় জোডি
হলিউডি অভিনেত্রী জোডি ফস্টার এবার পরিচালনা করবেন একটি টিভি এপিসোড। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, নেটফ্লিক্স চ্যানেলের টিভি সিরিজ ‘হাউজ অফ কার্ডস’-এর একটি পর্বের জন্য পরিচালকের আসনে বসবেন জোডি।
‘হাউজ অফ কার্ডস’-এর প্রথম সেশনে অভিনয় করে ইতোমধ্যেই সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন অস্কারজয়ী হলিউডি অভিনেতা কেভিন স্পেসি। এইস শোবিজ জানিয়েছে, পলিটিকাল ড্রামা ধাঁচের সিরিজটির দ্বিতীয় সেশনের একটি পর্ব পরিচালনা করবেন জোডি।
এর আগে আরও বেশ কয়েকবার পরিচালনা করেছেন জোডি। তার পরিচালিত সিনেমা ‘দ্য বিভার’ ২০১১ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন মেল গিবসন। নেটফ্লিক্স চ্যানেলের জনপ্রিয় টিভি সিরিজ ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’-এর একটি পর্বও পরিচালনা করেছেন জোডি।
